সাবেক চেয়ারম্যান শহীদ হাসানের ভাতিজার মৃত্যু, জেলা জামায়াত আমিরের শোক
সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নের শিকড়ী গ্রামের বাসিন্দা এবং বৈকারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী শহীদ হাসানের ভাতিজা শামিমুজ্জামান শামীম (৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। গত ১০ সেপ্টেম্বর রাত ১২টার দিকে নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়।
তাঁর এই আকস্মিক প্রয়াণে পরিবার, স্বজন ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি মা, ভাই-বোন, স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ১০ সেপ্টেম্বর জুমার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। জানাজায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, অধ্যাপক রবিউল ইসলাম, প্রিন্সিপাল মফিজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান শহীদ হাসানসহ অন্যান্য নেতা-কর্মী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
শামিমুজ্জামানের অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল।









