শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১২:০৩ অপরাহ্ণ
সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

অনলাইন ডেস্ক: দেশজুড়ে চলমান তাপপ্রবাহের মধ্যেই স্বস্তির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, যা তাপমাত্রা কিছুটা কমাতে পারে।

 

আবহাওয়া অফিসের তথ্যমতে, বর্তমানে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। টানা গরমে এসব অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

 

তবে সংস্থাটি আশা প্রকাশ করেছে, আজ বৃহস্পতিবার থেকেই তাপপ্রবাহ কিছুটা প্রশমিত হতে পারে। এর পেছনে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থান করা লঘুচাপের বর্ধিত অংশ, যা আবহাওয়ার পরিবর্তনে ভূমিকা রাখছে।

 

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী দুদিন দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এই বৃষ্টিপাতের প্রবণতা কয়েক দিন ধরে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, আজ সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে। আগামীকাল দিনের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে, যদিও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। শনিবার দিনের তাপমাত্রা স্থিতিশীল থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

 

রোববার দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে, আর সোমবার তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে ইঙ্গিত দেওয়া হয়েছে, পরবর্তী সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা আবারও বাড়তে পারে।

 

সব মিলিয়ে, চলমান গরমের মধ্যে স্বস্তি এনে দিতে পারে আসন্ন বৃষ্টি, যদিও তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা পুরোপুরি কাটছে না বলেই ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস।

Ads small one

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের দল ঘোষণা, আছে চমক

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১০:৩২ অপরাহ্ণ
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের দল ঘোষণা, আছে চমক

 

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে অনুষ্ঠেয় ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১০ অক্টোবর) ঘোষিত ১৬ সদস্যের এই দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, সহ-অধিনায়ক তাওহীদ হৃদয়।

এশিয়ান গেমসে টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে আলিস আল ইসলামের। এবার রহস্য এই স্পিনারকে ওয়ানডে দলেও রাখা হয়েছে।

ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচ ১৭ অক্টোবর, প্রতিপক্ষ জিম্বাবুয়ে। আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচটি। একই ভেন্যুতে ১৯ অক্টোবর জিম্বাবুয়ের মুখোমুখি হবে আফগানিস্তান।

এরপর ২১ অক্টোবর শারজা ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ২৩ অক্টোবর একই মাঠে হবে সিরিজের ফাইনাল।

সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, সাইফউদ্দিন, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও আলিস আল ইসলাম।

 

বিশ্বকাপে সবচেয়ে বেশি অনলাইন আক্রমণের শিকার আর্জেন্টিনা!

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ
বিশ্বকাপে সবচেয়ে বেশি অনলাইন আক্রমণের শিকার আর্জেন্টিনা!

বিশ্বকাপ জয়ের আনন্দের পাশাপাশি অনলাইনে আক্রমণ কিংবা বিদ্বেষের বড় লক্ষ্যবস্তু ছিল আর্জেন্টিনা জাতীয় দল। রেফারির পক্ষপাত, দুর্নীতি ও ভিনদেশি হিসেবে বিদ্বেষের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আক্রমণের শিকার হয়েছে ২০২২ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। ৯ অক্টোবর প্রকাশিত ফিফার এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

ফিফার সামাজিক যোগাযোগমাধ্যম সুরক্ষা পরিষেবা (এসএমপিএস) ৯ জুন থেকে ২০ জুলাই পর্যন্ত এক্স, ইনস্টাগ্রাম, ফেসবুক ও টিকটকে প্রকাশিত ১ কোটি ৭১ লাখের বেশি পোস্ট ও মন্তব্য বিশ্লেষণ করেছে। এর মধ্যে ৪ লাখ ৭৭ হাজার পোস্ট ও মন্তব্য মানুষের মাধ্যমে যাচাইয়ের জন্য পাঠানো হয়। সেগুলোর মধ্যে ২ লাখ ৪০ হাজারকে নিশ্চিতভাবে আপত্তিকর বলে শনাক্ত করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, অনলাইনে সবচেয়ে বেশি আক্রমণের শিকার দলের তালিকায় আর্জেন্টিনার পরেই রয়েছে ইংল্যান্ড। এরপর স্পেন, ব্রাজিল ও নরওয়ে।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের আগে ৯ অক্টোবর প্রতিবেদনটি প্রকাশ করে ফিফা। টুর্নামেন্ট চলাকালে খেলোয়াড়, কোচ, দলের প্রতিনিধি ও ম্যাচ অফিশিয়ালদের বিরুদ্ধে অনলাইনে বিদ্বেষ ছড়ানোর ব্যাপকতা তুলে ধরতেই এ উদ্যোগ নেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

আর্জেন্টিনাকে লক্ষ্য করে ছড়ানো বিদ্বেষের বড় অংশজুড়ে ছিল তাদের রেফারি, ফিফা ও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) কাছ থেকে বিশেষ সুবিধা পাওয়ার অভিযোগ। পাশাপাশি সাধারণ গালিগালাজ ও বিদেশিবিদ্বেষমূলক মন্তব্যও ছিল উল্লেখযোগ্য।

তবে দলভিত্তিক তালিকার সঙ্গে ব্যক্তিগত খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন আক্রমণের পরিসংখ্যানে পার্থক্য রয়েছে। ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি বিদ্বেষের শিকার হয়েছেন ফ্রান্সের ফুটবলাররা। এরপর রয়েছেন ইংল্যান্ড ও পর্তুগালের খেলোয়াড়েরা। এ তালিকায় আর্জেন্টিনার খেলোয়াড়দের অবস্থান চতুর্থ।

টুর্নামেন্ট ঘিরে বৈষম্যমূলক বক্তব্যের ব্যাপকতাও তুলে ধরেছে ফিফার প্রতিবেদন। শ্রেণিবদ্ধ বিদ্বেষমূলক কনটেন্টের ২০ শতাংশ ছিল বর্ণবাদী মন্তব্যে ভরা। এছাড়া ১৪ শতাংশ ছিল সহিংসতার হুমকি এবং ১২ শতাংশ ভিনদেশিবিদ্বেষমূলক আক্রমণ।

অনলাইন আক্রমণের সবচেয়ে ঝুঁকিপূর্ণ লক্ষ্যবস্তুর মধ্যে ছিলেন ম্যাচ অফিশিয়ালরা। সবচেয়ে গুরুতর ধরনের বিদ্বেষমূলক ঘটনার ৭১ শতাংশের শিকার হয়েছেন তারা। তাদের কেউ কেউ ডক্সিংয়েরও শিকার হয়েছেন। সাধারণত ব্যক্তিগত বা গোপন তথ্য বিদ্বেষমূলকভাবে প্রকাশ করে কাউকে আরও হয়রানি কিংবা হুমকির ঝুঁকিতে ফেলার প্রক্রিয়াকে ডক্সিং বলা হয়।

ফিফা জানিয়েছে, তাদের সামাজিক যোগাযোগমাধ্যম সুরক্ষা পরিষেবার আওতায় থাকা ব্যক্তিদের অর্ধেকেরও বেশি অন্তত একটি বিদ্বেষমূলক বার্তা পেয়েছেন। গুরুতর বা হুমকিমূলক কনটেন্ট প্রকাশকারী অ্যাকাউন্টগুলোও শনাক্ত করে পরবর্তী তদন্তের জন্য চিহ্নিত করা হয়েছে। সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি বিবেচনায় কিছু ঘটনাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

প্রতিবেদনটি মূলত ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে অনলাইনে বিদ্বেষ ছড়ানোর ব্যাপকতা তুলে ধরেছে।

কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ৭:১৫ অপরাহ্ণ
কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন
কলারোয়া প্রতিনিধি: সামাজিক  মাধ্যম ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ শফিজুল ইসলাম। তিনি দামোদরকাটি গ্রামের মৃত শেখ মোফাজ্জেল হোসেনের ছেলে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, হেলাতলা ইউনিয়ন যুবদলের সভাপতি হওয়ায় বিগত সরকারের আমলে তাঁর বিরুদ্ধে অহেতুক মিথ্যা মামলা দেওয়া হয়েছিল। বর্তমানে একটি মহল ও একটি রাজনৈতিক দল সমর্থিত কিছু ফেসবুক আইডি ও পেজ, যার মধ্যে “আওয়ার কলারোয়া” ও “কলারোয়া স্পিস” রয়েছে, ২০২৩ সালের ফেনসিডিল মামলার ছবি ছড়িয়ে তাঁকে হেয় করার চেষ্টা করছে।
তাঁর দাবি, সরকার পতনের আন্দোলনে সক্রিয় থাকায় তাঁকে কেশবপুর থেকে তুলে নিয়ে সাতক্ষীরা ডিবি অফিস ও ঢাকা র‍্যাব অফিসে ফেনসিডিল সামনে রেখে জোর করে ছবি তোলা হয় এবং মাদকের মামলা দেওয়া হয়। তিনি বলেন, সব সময় মাদকবিরোধী অবস্থানে থাকায় তৎকালীন বিরোধীরা তাঁকে সম্মানহানির চেষ্টা করেছে। মামলাটি সাজানো, তা এলাকাবাসীর কাছে স্পষ্ট বলেও তিনি উল্লেখ করেন।
তিনি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফেসবুকে প্রচারিত সম্মানহানিকর সংবাদের তীব্র নিন্দা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান ।