রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩

সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

হুলিয়ান আলভারেস ও লাউতারো মার্টিনেজের অতিরিক্ত সময়ের গোলে সুইজারল্যান্ডকে ৩-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ে ১-১ সমতায় থাকা ম্যাচে ১০ জনের সুইজারল্যান্ডকে শেষ পর্যন্ত হার মানায় লিওনেল মেসির দল।

কানসাস সিটির ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল আর্জেন্টিনা। যদিও বল দখলে কিছুটা এগিয়ে ছিল সুইজারল্যান্ড, কিন্তু সুসংগঠিত আর্জেন্টাইন রক্ষণ ভাঙতে পারেনি তারা। উল্টো ম্যাচের ১০ মিনিটেই নিজেদের ভুলের খেসারত দিতে হয় সুইসদের। বল হারানোর পর পাওয়া কর্নার থেকে লিওনেল মেসির বাড়ানো বলে হেডে জাল খুঁজে নেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। সেটিই ছিল প্রথমার্ধের একমাত্র গোল।

বিরতির পর ঘুরে দাঁড়ায় সুইজারল্যান্ড। প্রথমার্ধেই তাদের সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড়দের একজন ছিলেন ডান এনদোয়ে। ৬৭ মিনিটে রদ্রিগেজের সঙ্গে দারুণ ওয়ান-টু পাস খেলে বাইলাইন ঘেঁষে বক্সে ঢুকে ডান পায়ের নিখুঁত শটে এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করেন তিনি। তাতে ১-১ সমতায় ফেরে সুইসরা।

তবে সমতা ফেরানোর পাঁচ মিনিট পরই বড় ধাক্কা খায় সুইজারল্যান্ড। ৭২ মিনিটে প্রথমে ব্রিল এমবোলোর ওপর ফাউলের অভিযোগে লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে বাঁশি বাজান রেফারি। কিন্তু ভিএআরে দেখা যায়, এমবোলো ফাউলের অভিনয় করেছেন। সিদ্ধান্ত বদলে এমবোলোকেই দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়। ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় সুইস এই ফরোয়ার্ডকে। মাঠ ছাড়ার সময় কান্নায় ভেঙে পড়েন এমবোলো। রেফারির সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারছিলেন না তিনি।

একজন বেশি নিয়ে খেলেও নির্ধারিত সময়ে আর গোল পায়নি আর্জেন্টিনা। তবে এমবোলোর লাল কার্ডের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে রাখে তারা। নির্ধারিত সময়ে ১-১ সমতা পর অতিরিক্ত সময়ে দীর্ঘক্ষণ সুইস রক্ষণ ভাঙতে না পারলেও শেষ পর্যন্ত হুলিয়ান আলভারেসের ব্যক্তিগত নৈপুণ্যে আসে কাঙ্ক্ষিত গোল।

১১২ মিনিটে আসে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া মুহূর্ত। থমাস লোপেসের পাস পেয়ে বাম দিক থেকে পেনাল্টি বক্সে ঢুকে ডান পায়ের অসাধারণ বাঁকানো শটে বল জালে জড়ান হুলিয়ান আলভারেস। চোখজুড়ানো সেই গোলেই ২-১ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

গোল হজমের পর সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় সুইজারল্যান্ড। তবে সেই সুযোগে পাল্টা আক্রমণে আরেকটি গোল করে আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেজের গোলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলো লিওনেল মেসির দল। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ১৯৬৬ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

Ads small one

শান্তি ও সামাজিক সম্প্রীতির জন্য শিল্প এক্টিভিজম বিষয়ক প্রশিক্ষণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
শান্তি ও সামাজিক সম্প্রীতির জন্য শিল্প এক্টিভিজম বিষয়ক প্রশিক্ষণ

সাতক্ষীরা ইয়ূথ হাবে যুব-নেতৃত্বাধীন শান্তি ও সামাজিক সম্প্রীতির জন্য শিল্প এক্টিভিজম বিষয়ক প্রশিক্ষণ উদ্বোধন হয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল ৯ টায় সিডো সংস্থার বাস্তবায়নে এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় এ প্রশিক্ষণ উদ্বোধন ও স্বাগত বক্তব্য প্রদান করেন সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাস।

 

প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, বক্ষ্ররাজপুর ইউনিয়ন ও পৌরসভা এবং তালা উপজেলার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়ন থেকে ২৫ জন তরূণ-তরূণী অংশগ্রহণ করেন।

৩ দিন ব্যাপী এই প্রশিক্ষণের দায়িত্ব পালন করেন এক্টিভিস্টা সদস্য ইমতি জামিল ও জ্যোতি সরকার। প্রশিক্ষণের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সহায়ক প্রশিক্ষক সাকিব হোসেন। উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী, মোঃ তহিদুজ্জামান (তহিদ), প্রোগ্রাম অফিসার চন্দ্রশেখর হালদার, ফাইনান্স অফিসার, আব্দুস সাত্তার, ইয়ূথ ফেলো স্বপ্না পারভীন প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি

 

 

কেশবপুরে ৯ম শ্রেণীর ছাত্রকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ
কেশবপুরে ৯ম শ্রেণীর ছাত্রকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত

কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুরে সিয়াম আহসান (১৫) নামে এক স্কুল ছাত্রকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে কেশবপুর সরকারি হাসপাতালে ভর্তি করেছে। আহত সিয়াম মঙ্গলকোট গ্রামের আব্দুস সবুর এর ছেলে।

হাসপাতালে ভর্তি ওই ছাত্র জানায়, সে মঙ্গলকোট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী। প্রতিদিনের ন্যায় রবিবার (১২-০৭-২৬) সকালে সে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে পায়ে হেটে রওনা হয়। পথিমধ্যে মঙ্গলকোট-গোলাঘাটা সড়কের চৌধুরী বাড়ির বাগানের সামনে পৌঁছানো মাত্র মোটরসাইকেলযোগে আসা মুখোশধারী সন্ত্রাসীরা তার পথ গতিরোধ করে তাকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

 

পরবর্তীতে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আহতবস্থায় তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমান সে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এ বিষয়ে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, বিষয়টা আমি শুনেছি অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙতে গিয়ে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬, ৪:২৬ অপরাহ্ণ
কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙতে গিয়ে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণ, দুই শ্রমিক আহত

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার কাজ চলাকালে মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়ে দুই শ্রমিক আহত হয়েছেন।

শনিবার (১২ জুলাই ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে এ ঘটনা ঘটে। জানা যায়, পুরাতন থানা ভবন ভাঙার কাজের সময় শ্রমিকরা ভবনের ফ্লোরের নিচের মাটি কাটছিলেন। এ সময় শ্রমিক উপজেলার বাজারগ্রাম এলাকার গফফার মোড়লের ছেলে রফিকুল ইসলাম (৪২)কোদাল দিয়ে মাটিতে আঘাত করলে সেখানে পূর্ব থেকে মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে রফিকুল ইসলামের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় পাশে থাকা অপর শ্রমিক বাবারগ্রাম এলাকার কামরুল হাসান (৩০) তার ডান পায়ে আঘাত পান।

স্থানীয়দের সহায়তায় আহত দুই শ্রমিককে দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।