অনুমতি ছাড়া মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের দুটি গাছ কাটার অভিযোগ
কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশন চত্বরে ঝড়ে মারা যাওয়া দুটি গাছ সরকারি অনুমতি ছাড়াই কেটে বিক্রির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে ইকবাল হোসেন নামে এক অভিভাবক উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় আম্পানে বিদ্যালয়ের মাঠ ও মসজিদ প্রাঙ্গণে দুটি গাছ উপড়ে পড়ে মারা যায়। গত রোববার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের শিক্ষক মুস্তাফিজুর রহমান ও প্রধান শিক্ষক গৌতম দত্তের লোকজন গাছ দুটি কেটে বিদ্যালয় চত্বরের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা ছবি ও ভিডিও ধারণ করলে তাঁদের বাধার মুখে গাছ দুটি আবার বিদ্যালয়ের সামনে এনে রাখা হয়। স্থানীয়দের ধারণা, গাছ দুটির আনুমানিক বাজারমূল্য ৪০ থেকে ৫০ হাজার টাকা। বিক্রির উদ্দেশ্যেই গাছ দুটি সরিয়ে নেওয়া হচ্ছিল বলে তাঁদের অভিযোগ।
সাগরদাঁড়ি গ্রামের বাসিন্দা সোহরাব হোসেন জানান, গাছ দুটি দীর্ঘদিন ধরে ঝড়ে পড়ে মৃত অবস্থায় ছিল। সম্প্রতি সেগুলো কেটে বিক্রির উদ্যোগ নেওয়া হয়।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম দত্ত বলেন, গাছ কাটার বিষয়টি কাউকে জানানো হয়নি। তবে অনুমতি না নেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, বিদ্যালয় পরিচালনা কমিটির রেজুলেশন অনুযায়ী গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে কোনো অনিয়ম হয়নি।
বিদ্যালয়ের এডহক কমিটির আহ্বায়ক মেহেরুন্নেসা বলেন, কমিটির সভায় আলোচনা করে গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ বলেন, গাছ কাটার বিষয়ে প্রধান শিক্ষক তাঁকে কিছু জানাননি। অনুমতি ছাড়া গাছ কাটার অভিযোগে প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।






