অবৈধ স্থাপনায় আটকে ছিল সড়কের কাজ, অবশেষে উচ্ছেদ
ইব্রাহিম খলিল: সাতক্ষীরা শহরের সুলতানপুর বড়বাজারের প্রবেশদ্বার হিসেবে পরিচিত দিবা-নৈশ কলেজের সামনের সড়ক সম্প্রসারণের কাজে বাধা হয়ে থাকা একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভা।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে স্থাপনাটি উচ্ছেদ করা হয়। অবৈধ স্থাপনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকা সড়কের কাজ আগামী শনিবার অথবা রোববার থেকে আবার শুরু হবে বলে জানিয়েছে সাতক্ষীরা পৌরসভা।
সাতক্ষীরা শহরের পি এন হাইস্কুলের সামনে থেকে পিটিআই হয়ে সুলতানপুর সড়কের সম্প্রসারণ ও ঢালাইয়ের কাজ চলছিল দীর্ঘ তিন মাস আগে থেকে। কাজটি সুলতানপুর বড়বাজারের প্রবেশদ্বার দিবা-নৈশ কলেজের সামনে পৌঁছালে ২৯ জুন স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে অবৈধ স্থাপনার কারণে ওই অংশে কাজ বন্ধ হয়ে যায়। ফলে যানবাহন চলাচল, দুর্ভোগ ও ভোগান্তির শিকার হয়েছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কের পাশে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা ওই স্থাপনার কারণে যানজট সৃষ্টি হচ্ছিল। সড়ক প্রশস্ত করে যানজট নিরসন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে গত ২৯ জুন স্থানীয়রা মানববন্ধন করেন। পরে তাদের দাবির পরিপ্রেক্ষিতে কলেজের সামনের অংশে সড়কের কাজ বন্ধ রাখা হয়।
বৃহস্পতিবার জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভা যৌথভাবে অভিযান চালিয়ে সড়ক সম্প্রসারণের কাজে বাধা হয়ে থাকা স্থাপনাটি উচ্ছেদ করে।
সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার সাইফুল ইসলাম বলেন, সাতক্ষীরা পৌরসভার রাস্তা সম্প্রসারণের কাজ চলছে। এখানে একটি অবৈধ স্থাপনা ছিল। স্থাপনাটির জন্য রাস্তা সম্প্রসারণের কাজ করা সম্ভব হচ্ছিল না। বিধি অনুযায়ী যেভাবে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়, ঠিক সেভাবেই আমরা এখানে অভিযান পরিচালনা করেছি। সাতক্ষীরা পৌরসভার লোকজন ও আমাদের এস্টিমেটর ছিল। আমরা অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করেছি।
অভিযানের আগে স্থাপনার মালিককে নোটিশ দেওয়া হয়েছিল জানিয়ে তিনি বলেন, স্থাপনার যে ইট বা অন্যান্য মালামাল রয়েছে, সেগুলো সরিয়ে নেওয়ার জন্য তাদের সময় দেওয়া হয়েছিল। এর আগে আমরা তাদের নোটিশ দিয়েছিলাম। নোটিশ দেওয়ার পরও তারা মালামাল সরাননি। আমরা আসার পর তাদের আরও এক ঘণ্টা সময় দিয়েছিলাম। ওই সময়ের মধ্যে তারা দোকানের মালামাল সরিয়ে নেন। মালামাল সরিয়ে নেওয়ার পর আমরা আমাদের উচ্ছেদ অভিযান শুরু করি এবং সফলভাবে সম্পন্ন করেছি।
সাতক্ষীরা পৌরসভার কর্মকর্তা লিয়াকত আলী বলেন, দীর্ঘদিন বন্ধ থাকা সড়কের কাজ আগামী শনিবার অথবা রোববার থেকে আবার শুরু হবে।
স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, অবৈধ স্থাপনা উচ্ছেদের পর সড়ক সম্প্রসারণের কাজ দ্রুত শেষ হলে সুলতানপুর বড়বাজারের প্রবেশমুখে যানজট কমবে এবং যানবাহন ও পথচারীদের চলাচল আরও সহজ হবে।






