অভিশপ্তের জন্য বদদোয়া নহে:
সুজন হোসেন
বহু বদদোয়া কুড়াইয়াছি এইটুকু জীবনে,
প্রেমিকাকে ত্যাগের ক্ষণে সে বদদোয়া দিয়াছিলÑ
আজন্ম পৃথিবীতে অসুখী হইয়া থাকিব।
একদা এক ফকির আমাকে বদদোয়া দিয়াছিল,
তাহাকে ভিক্ষা না দিবার অপরাধে কহিয়াছিল,
আমিও অর্থাভাবে ভুগিব আজন্মকাল।
যদিও আমার অপরাধ বুঝি নাই সেদিন,
আর ছিলাম তাহার অপেক্ষা অধিক অভাবগ্রস্ত।
মোর মাতাও বদদোয়া দিয়াছিলেন,
আমার মতো পুত্র যেন কাহারও না হয়,
তবুও তিনি পরক্ষণে কহিলেন,
আমি তাঁহার নিকট অতীব প্রিয় তাই,
কেহ যেন আমার ভালোবাসা না পায়।
মোর প্রিয়তমা অর্ধাঙ্গিনী রুষ্ট হইয়া,
আমাকে ভালোবাসা না পাইবার বদদোয়া দিয়াছিল।
তবে সে হয়তো অনভিজ্ঞ ছিল, মোর ভাবনায়Ñ
আমি ভালোবাসা-দ্রোহী হইয়াছিলাম দুই শতাব্দী পূর্বেই।
আমাকে বদদোয়া দিয়াছিল এক উলঙ্গ কৃষক,
তাহার ফসল ভিজিয়াছিল বর্ষার জলে, সেই কারণে
অতি রুষ্ট হইয়া আমার উপর বদদোয়া দিয়াছিল।
আমাকে বদদোয়া দিয়াছিল শীতলক্ষ্যার মাঝি,
মোর জীবনদশায় জলের অভাব হইবে ভারী।
যদিও মোর আবাস ছিল মহুয়ার তীরে,
তাহার সহিত মিলিয়াছি না কোনো কালে, কোনো বারে।
বণিক আমাকে বলিয়াছিল খুব রুষ্ট হইয়া, মোর নাকি
ব্যবসা-বাণিজ্যে বড্ড ক্ষতি হইবে।
পরিশেষে এক নাবিক বদদোয়া দিয়াছিল,
আমার দেহ ঘুরিতে থাকিবে সমুদ্রের জলে,
পৃথিবীর শবদাহ বা লাশকাটা ঘরের শ্রমিকেরা নাকি
মোর দেহ ছুঁতে অনীহা প্রকাশ করিবে।
সম্রাট শাহজাহান বলিয়াছিলেন আমার সম্মুখেÑ
তাঁর সমকালে থাকিতাম আমি, তিনি বানাইতেন না তাজ।
অথবা মমতাজ মোর অনাত্মীয় বলিয়াই,
তাঁহাকে ভালোবেসেছিলেন এত, নতুবা ঘৃণা করিতেন।
পৃথিবীর কত কিছুই আমাকে বদদোয়া দিয়াছিল,
তবে কাহারও দোয়ায় কমে নাই আমার সুখ সামান্য।
বদদোয়া তাহাদের লাগে না যাহারা অভিশপ্ত,
কাজেই আমি এখনো পৃথিবীর বদদোয়া হইতে মুক্ত।”









