অর্থের অভাবে আটকে আছে সুনীলের চোখের চিকিৎসা
নিজস্ব প্রতিনিধি: চোখের সামনে পৃথিবী থাকলেও তার আলো দিন দিন ঝাপসা হয়ে আসছে সুনীল দাসের। প্রায় ছয় বছর ধরে চোখের জটিলতায় ভুগছেন তিনি। চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দিলেও অর্থের অভাবে তা সম্ভব হচ্ছে না। সময়ের সঙ্গে সঙ্গে তাঁর দৃষ্টিশক্তি আরও ক্ষীণ হয়ে আসছে।
৫৯ বছর বয়সী সুনীল দাস সাতক্ষীরা সদর উপজেলার ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের ব্রহ্মরাজপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম কুটু দাস ও মায়ের নাম রাজকুমারী দাসী।
পরিবারের সদস্যরা জানান, কয়েক বছর আগে সুনীলকে খুলনায় চক্ষু চিকিৎসকের কাছে নেওয়া হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত জানান। তবে প্রয়োজনীয় অর্থ জোগাড় না হওয়ায় চিকিৎসা ছাড়াই তাঁকে বাড়ি ফিরতে হয়।
অসহায়ত্বের কথা জানিয়ে সুনীলের ভাইপো গৌতম দাস বলেন, “পাঁচ-ছয় বছর ধরে কাকা চোখের সমস্যায় ভুগছেন। খুলনায় ডাক্তার দেখানোর পর অপারেশনের কথা বলা হয়েছিল। টাকা না থাকায় তা করানো যায়নি। এখন তাঁর চোখের অবস্থা খুব খারাপ। আমরা চাই কাকা আবার দৃষ্টি ফিরে পান, কিন্তু আমাদের পক্ষে এই খরচ চালানো সম্ভব নয়।”
চিকিৎসার সুযোগ না পাওয়ায় সুনীলের স্বাভাবিক কাজকর্ম বন্ধ হয়ে পড়েছে। তিনি যেন আবারও নতুন করে পৃথিবী দেখতে পান, সে জন্য বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোর মানবিক সহায়তা চেয়েছেন পরিবারের সদস্যরা। চিকিৎসায় সহায়তা পাঠাতে ০১৪০১৪৬৪২৭০ নম্বরে (বিকাশ ও নগদ) যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।









