আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রীর সাতক্ষীরা সফরসূচি
পত্রদূত ডেস্ক: আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান চার দিনের সফরে যশোর, খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে সফর করবেন।
সফরসূচি অনুযায়ী, ১২ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটায় যশোর পিটিআই মিলনায়তনে ক্ষুদ্রঋণ বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।
১৩ সেপ্টেম্বর সকাল নয়টায় তিনি সাতক্ষীরা জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ের সব বিচার বিভাগীয় কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করবেন। সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সাতক্ষীরা জেলার সংসদ সদস্য, সংরক্ষিত আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক, বিজিবির সিও, র্যাবের সিও, পুলিশ সুপারসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধান, জেলা পরিষদ প্রশাসক, পৌর প্রশাসক, সরকারি কলেজের অধ্যক্ষ, আইনজীবী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, জিপি-পিপি, প্রেসক্লাবের সভাপতিসহ সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। ওই দিন বিকেল তিনটায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নির্বাচিত সংসদ সদস্য, সংরক্ষিত আসনের সংসদ সদস্য, জেলা ও উপজেলা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকসহ সব অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন মন্ত্রী।
১৪ সেপ্টেম্বর সকাল নয়টায় তিনি খুলনা জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলার সব পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করবেন। সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে তিনি খুলনা জেলার জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, দপ্তরপ্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল তিনটায় তিনি খুলনা জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ নেতা এবং নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।
১৫ সেপ্টেম্বর সকাল নয়টায় বাগেরহাট জেলা জজ আদালতের সম্মেলনকক্ষে জেলার বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। সকাল ১০টায় বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলার জনপ্রতিনিধি, দপ্তরপ্রধান ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন। বিকেল তিনটায় তিনি বাগেরহাট জেলা বিএনপির নেতা ও জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। সফর শেষে ওই দিন সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশে বাগেরহাট ত্যাগ করবেন।






