রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ প্রতিরোধ ও দমন দিবস

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৫:৫৯ অপরাহ্ণ
আন্তর্জাতিক আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ প্রতিরোধ ও দমন দিবস

সাকিবুর রহমান বাবলা

১৫ নভেম্বর পালিত হয় আন্তর্জাতিক আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ প্রতিরোধ ও দমন দিবস। আন্তঃদেশীয় অপরাধের ভয়াবহতা সম্পর্কে বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি, অপরাধী চক্রের বিস্তার রোধ এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করাই দিবসটির মূল লক্ষ্য। ২০২৪ সালের ২১ মার্চ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮/২৬৭ নম্বর প্রস্তাবের মাধ্যমে দিবসটি ঘোষণা করা হয়। একই বছর প্রথমবারের মতো দিবসটি পালিত হয়। জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক কার্যালয় দিবসটি পালনে সমন্বয়কের ভূমিকা পালন করে।

২০২৬ সালের প্রতিপাদ্য—‘অর্থের প্রবাহ অনুসরণ করুন, সংঘবদ্ধ প্রতারণা বন্ধ করুন’। প্রতিপাদ্যটির মূল বক্তব্য হলো, অপরাধী চক্রের আর্থিক উৎস ও অর্থের গতিপথ শনাক্ত করে তাদের অবৈধ নেটওয়ার্ক ভেঙে দেওয়া। অনলাইন প্রতারণা, ভুয়া বিনিয়োগ, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিপফেক ও ম্যালওয়্যার ব্যবহার করে প্রতারকরা প্রতিনিয়ত বিপুল অর্থ আত্মসাৎ করছে। ইন্টারপোলের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের পর থেকে জালিয়াতিসংক্রান্ত সতর্কবার্তা ৫৪ শতাংশ বেড়েছে। এসব অর্থের একটি বড় অংশ অর্থপাচারের মাধ্যমে পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে বিনিয়োগ করা হয়।

আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ বলতে এমন সুপরিকল্পিত অপরাধমূলক কর্মকাণ্ডকে বোঝায়, যার পরিকল্পনা, পরিচালনা, অর্থায়ন কিংবা প্রভাব একাধিক দেশের সীমানা অতিক্রম করে। সাধারণত তিন বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত অপরাধী সংগঠন আর্থিক বা বস্তুগত লাভের উদ্দেশ্যে এসব কর্মকাণ্ড পরিচালনা করে। মাদক ও মানবপাচার, অভিবাসী চোরাচালান, অস্ত্র ও বন্যপ্রাণী পাচার, অর্থপাচার, সাইবার প্রতারণা, জাল ওষুধের ব্যবসা, অবৈধ খনিজ সম্পদ আহরণ, সাংস্কৃতিক নিদর্শন পাচার এবং বিষাক্ত বর্জ্যের অবৈধ বাণিজ্য এর উল্লেখযোগ্য উদাহরণ। এসব চক্র প্রভাব বিস্তারের জন্য দুর্নীতি, ঘুষ, ভয়ভীতি ও সহিংসতার আশ্রয় নেয়। মানবপাচারে শোষণের উদ্দেশ্যে মানুষকে ব্যবহার করা হয়। অন্যদিকে, অভিবাসী চোরাচালানের ক্ষেত্রে অর্থের বিনিময়ে অবৈধভাবে সীমান্ত পারাপার করানো হয়।

বিশ্বের বিভিন্ন অঞ্চলে এসব অপরাধী নেটওয়ার্কের তৎপরতা বিস্তৃত। ইতালির এনড্রাংহেটা, ক্যামোরা ও কোসা নোস্ত্রা; মেক্সিকোর সিনালোয়া কার্টেল ও জালিস্কো নিউ জেনারেশন কার্টেল; আয়ারল্যান্ডের কিনাহান চক্র; ভেনেজুয়েলার ট্রেন ডি আরাগুয়া; ব্রাজিলের পিসিসি; জাপানের ইয়াকুজা; চীনা ট্রায়াড এবং দক্ষিণ এশিয়ার ডি-কোম্পানি উল্লেখযোগ্য। আলোচিত অপরাধী ব্যক্তিদের মধ্যে জোয়াকিন এল চ্যাপো গুজম্যান, ইসমাইল এল মায়ো জাম্বাদা, নেমেসিও এল মেনচো ও দাউদ ইব্রাহিমের নাম রয়েছে। এসব চক্রের কার্যক্রম শুধু প্রচলিত চোরাচালানে সীমাবদ্ধ নয়; ক্রিপ্টোকারেন্সি, অনলাইন জালিয়াতি ও আন্তর্জাতিক আর্থিক লেনদেনের মাধ্যমেও তাদের তৎপরতা বিস্তৃত হচ্ছে।

এই অপরাধ দমনের প্রধান আন্তর্জাতিক আইনি ভিত্তি হলো ২০০০ সালের ১৫ নভেম্বর ইতালির পালের্মোতে গৃহীত জাতিসংঘের আন্তঃদেশীয় সংগঠিত অপরাধবিরোধী কনভেনশন, যা পালের্মো কনভেনশন নামে পরিচিত। এর অধীনে মানবপাচার, অভিবাসী চোরাচালান এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উৎপাদন ও পাচার প্রতিরোধে তিনটি বিশেষ প্রটোকল রয়েছে। পাশাপাশি ২০০৩ সালের দুর্নীতিবিরোধী কনভেনশন এবং মাদকদ্রব্যবিষয়ক আন্তর্জাতিক চুক্তিগুলোও গুরুত্বপূর্ণ। পালের্মো কনভেনশন, ১৯৬ সদস্যদেশের ইন্টারপোল, ইউরোপোল ও ফিন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স তথ্য বিনিময়, তদন্ত, প্রশিক্ষণ, অর্থপাচার প্রতিরোধ ও অপরাধী শনাক্তে কাজ করছে। আন্তর্জাতিক অপরাধ আদালত সাধারণ সংগঠিত অপরাধের বিচার করে না; বরং তার এখতিয়ারভুক্ত গুরুতর আন্তর্জাতিক অপরাধের বিচার করে।

বাংলাদেশও এসব অপরাধ প্রতিরোধে আন্তর্জাতিক অঙ্গীকারের অংশীদার। দেশে মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২; মানব পাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২ এবং পারস্পরিক অপরাধসংক্রান্ত বিষয়ে সহায়তা আইন, ২০১২ কার্যকর রয়েছে। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সন্দেহজনক আর্থিক লেনদেন শনাক্ত ও আন্তর্জাতিক তথ্য বিনিময়ে কাজ করে। বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো ইন্টারপোলের সঙ্গে সমন্বয় রক্ষা করে। এসব ব্যবস্থার পাশাপাশি সীমান্ত নজরদারি, আর্থিক তদন্ত, অপরাধীদের সম্পদ শনাক্ত ও জব্দ এবং বিচারিক সহযোগিতা আরও শক্তিশালী করা প্রয়োজন।

অপরাধের গোপন নেটওয়ার্ক উন্মোচনেও অনুসন্ধানী সাংবাদিকতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অব ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস পানামা পেপার্স, প্যান্ডোরা পেপার্স ও ফিনসেন ফাইলসের মাধ্যমে আন্তর্জাতিক অর্থপাচার ও গোপন আর্থিক লেনদেনের তথ্য প্রকাশ করেছে। অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট এবং গ্লোবাল ইনিশিয়েটিভ অ্যাগেইনস্ট ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম অপরাধী নেটওয়ার্ক ও দুর্নীতি নিয়ে গবেষণা করছে। অন্যদিকে, হুইসেলব্লোয়ার এবং বিভিন্ন দেশের আর্থিক গোয়েন্দা ইউনিটও অপরাধ উন্মোচনে সহায়ক ভূমিকা রাখছে। ২০২৫ সালের গ্লোবাল অর্গানাইজড ক্রাইম ইনডেক্সে আইন প্রয়োগের সক্ষমতার সূচকে অস্ট্রিয়া, আইসল্যান্ড ও সিঙ্গাপুর ৯ নম্বর স্কোর অর্জন করেছে।

পরিশেষে বলা যায়, আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ কোনো একক রাষ্ট্রের সমস্যা নয়; এটি বিশ্বশান্তি, অর্থনীতি, মানবাধিকার, সুশাসন ও নিরাপত্তার জন্য সম্মিলিত হুমকি। তাই শুধু অপরাধীদের গ্রেপ্তার করাই যথেষ্ট নয়; অপরাধের অর্থায়ন বন্ধ, অবৈধ সম্পদ উদ্ধার, আন্তর্জাতিক তথ্য বিনিময়, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং ক্ষতিগ্রস্ত মানুষের সুরক্ষা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অনলাইন প্রতারণা সম্পর্কে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি, সন্দেহজনক লেনদেন এড়িয়ে চলা এবং অপরাধের তথ্য যথাযথ কর্তৃপক্ষকে জানানোর অভ্যাস গড়ে তুলতে হবে। অর্থের প্রবাহ শনাক্ত করে অপরাধী নেটওয়ার্কের ভিত দুর্বল করতে পারলেই নিরাপদ, ন্যায়ভিত্তিক ও অপরাধমুক্ত বিশ্ব গঠনের পথ সুগম হবে।

Ads small one

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ
সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

রাজধানী গুলশান থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রবিবার (২৯ নভেম্বর) রাতে গুলশান-২ এর ১১৩ নম্বর রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছে।

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৫ আসন থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তারও আগে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি।

ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ
ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানার ভিত্তিতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি বাংলাদেশের নীতিগত ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আত্মনিয়ন্ত্রণাধিকার ও রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায়সঙ্গত সংগ্রামে ফিলিস্তিনের জনগণের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে বাংলাদেশ।

সোমবার (৩০ নভেম্বর) ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে রবিবার (২৯ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বাণীতে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইনের অব্যাহত লঙ্ঘন দিবসটির তাৎপর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনি জনগণের ওপর অব্যাহত হামলা, ইসরায়েলি বসতির লাগামহীন সম্প্রসারণ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রবেশে বিধিনিষেধ একটি টেকসই ও অখণ্ড ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছে।

প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শমূলক মতামতের প্রতি বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন, যেখানে যুদ্ধের কৌশল হিসেবে বেসামরিক নাগরিকদের অনাহারে রাখার নিষেধাজ্ঞাসহ আন্তর্জাতিক মানবিক আইনের অধীনে দখলদার বাহিনীর বাধ্যবাধকতাগুলো পুনর্ব্যক্ত করা হয়েছে।

জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ এবং দখলদারিত্বের অবসানের আহ্বান পুনর্ব্যক্ত করে তারেক রহমান জাতিসংঘের সাধারণ বিতর্কে ফিলিস্তিনের প্রেসিডেন্টকে পূর্বে রেকর্ড করা বক্তব্য পেশ করার সুযোগ দিয়ে গৃহীত প্রস্তাবটিকে স্বাগত জানান।

এছাড়া বেসামরিক নাগরিকদের সুরক্ষা, বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিতকরণ এবং প্রারম্ভিক পুনরুদ্ধার ও পুনর্গঠনে সহায়তার সুস্পষ্ট ম্যান্ডেটসহ গাজায় জাতিসংঘ অনুমোদিত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন প্রতিষ্ঠার প্রতিও তিনি সমর্থন ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী বলেন, সংহতির এই দিনে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটি বাস্তবসম্মত ও ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছে, যাতে ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রতিশ্রুতিগুলোকে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করা যায় এবং তারা নিজ স্বাধীন মাতৃভূমিতে শান্তি, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচারের সাথে বসবাস করতে পারে।

কুশখালি ইউনিয়ন তাঁতীদলের ২২ সদস্যের আংশিক কমিটি অনুমোদন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩০ নভেম্বর, ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ণ
কুশখালি ইউনিয়ন তাঁতীদলের ২২ সদস্যের আংশিক কমিটি অনুমোদন

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি ইউনিয়ন তাঁতীদলের ২২ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলা তাঁতীদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ আবু তুহিন ও সদস্য সচিব মো. নাহিদ হাসান টিপু স্বাক্ষরিত অনুমোদনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।

কমিটিতে সভাপতি হিসেবে মো. আশরাফুল ইসলাম, সিনিয়র সহসভাপতি মো. মমিনুর রহমান, সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ, সাংগঠনিক সম্পাদক মো. সাকিব হোসেন, দপ্তর সম্পাদক মো. জামাল গাজী ও প্রচার সম্পাদক মো. তরিকুল ইসলাম দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া কমিটিতে আরও ১৫ জন সদস্য রয়েছেন। সাতক্ষীরা সদর উপজেলা তাঁতীদলের সদস্য সচিব মো. নাহিদ হাসান টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।