শুক্রবার, ৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

আমে ভরেছে সাতক্ষীরার বাজার: বাগানে হাসি, দামে ব্যবধান

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ণ
আমে ভরেছে সাতক্ষীরার বাজার: বাগানে হাসি, দামে ব্যবধান

জি এম আমিনুল হক: সাতক্ষীরার আম্রকাননগুলো যেন ডালভাঙা ফলের ভারে নুয়ে পড়ার উপক্রম। জেলা প্রশাসনের নির্ধারিত সূচি মেনে গাছ থেকে আম নামানোর বৃহস্পতিবার ছিল চতুর্থ দিন। সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজার থেকে শুরু করে মফস্বলের ইটাগাছা বা ব্রহ্মরাজপুরÑসবখানেই এখন কেবল আমের জয়গান। আমের এই বিপুল সমারোহে একদিকে যেমন বাম্পার ফলনের আনন্দ, অন্যদিকে পাইকারি ও খুচরা বাজারের দামের বিস্তর ফারাক নিয়ে রয়েছে দীর্ঘশ্বাস।

বাজারে এখন গোবিন্দভোগ, গোপালভোগ আর গোলাপখাসÑএই তিন জাতের আমের রাজত্ব। সঙ্গে আছে বাহারি সব স্থানীয় জাত। ঝুড়িভর্তি রঙিন আম সাতক্ষীরা থেকে ট্রাক ও কুরিয়ার সার্ভিসে চড়ে ছুটে যাচ্ছে রাজধানীসহ দেশের নানা প্রান্তে। সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেনের মুখেও তৃপ্তির হাসি। তিনি বলেন, ‘এবার আমের ফলন হয়েছে প্রত্যাশার চেয়েও ভালো। ৫ মে থেকে গোপালভোগ ও গোবিন্দভোগ নামানো শুরু হয়েছে। তবে আমের আসল উৎসব শুরু হবে ১৫ মে, যখন বাজারে আসবে সাতক্ষীরার পৃথিবীবিখ্যাত হিমসাগর।’

ফলনের প্রাচুর্যে বাজারের থলে দ্রুত ভরলেও হিসাবের খাতায় গরমিল দেখছেন অনেকে। সুলতানপুর বাজারের পাইকারি আড়তগুলোতে গোবিন্দভোগ আম বিক্রি হচ্ছে মণপ্রতি ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৬০০ টাকায়। অথচ সেই আমই শহরের খুচরা বাজারে সাধারণ ভোক্তাকে কিনতে হচ্ছে ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায়।
এদিকে অনলাইন বাজারে চিত্রটা আরও চড়া। দেশের বিভিন্ন প্রান্তের অনলাইন উদ্যোক্তারা কুরিয়ার ও প্যাকিং খরচ মিলিয়ে প্রতি কেজি আম বিক্রি করছেন ১২৫ টাকায়। সেই হিসাবে অনলাইনে প্রতি মণ আমের দাম দাঁড়াচ্ছে ৫ হাজার টাকা। সরবরাহ আরও বাড়লে পাইকারি দাম আরও পড়ে যাওয়ার আশঙ্কায় কপালে ভাঁজ পড়েছে প্রান্তিক চাষিদের। লোকসানের ঘ্রাণ পাচ্ছেন অনেক বাগান মালিক।

সাতক্ষীরার আমের যে সুনাম বিশ্বজুড়ে, তাতে যেন কোনো আঁচ না লাগে, সে বিষয়ে সতর্ক জেলা প্রশাসন। এবার এই জেলায় ৭০ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কৃষি বিভাগ জানিয়েছে, কোনো অসাধু ব্যবসায়ী যাতে আমে ক্ষতিকর রাসায়নিক মেশাতে না পারে, সে জন্য মাঠপর্যায়ে সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে। বিষমুক্ত ও নিরাপদ আম ভোক্তার পাতে পৌঁছে দিতে প্রশাসন বদ্ধপরিকর।

বিকেলের দিকে সুলতানপুর বাজারে দেখা গেল আমের ঝুড়ি সাজাতে ব্যস্ত এক ব্যবসায়ীকে। তিনি হাসিমুখে বললেন, ‘আমের এবার যেমন রূপ, তেমন গুণ। দামটা যদি চাষি আর ভোক্তাÑউভয় পক্ষের নাগালে থাকত, তবেই সার্থক হতো এই মধুমাসের অপেক্ষা।’

 

 

 

 

 

 

 

 

 

Ads small one

কেশবপুর সাংবাদিক রুস্তম আলীর শ্বশুরের ইন্তেকাল

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
কেশবপুর সাংবাদিক রুস্তম আলীর শ্বশুরের ইন্তেকাল

কেশবপুর (পৌর) প্রতিনিধি: যশোরের কেশবপুর সরকারি কলেজ সংলগ্ন পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক ব্যাংকর আলহাজ্ব মোঃ লুৎফার রহমান বিশ্বাস দীর্ঘদিন বার্ধক্য জনিত কারণে অসুস্থ থাকায় শুক্রবার ভোররাতে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ মেয়ে এক ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

মরহুমের ১ম জানাজার নামাজ শুক্রবার সকাল ১০ টায় কেশবপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা নামাজ মরহুমের নিজ বাড়ি মনিরামপুর উপজেলার লেবুগাতি গ্রামে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

 

শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান হোসেন সিনিয়র সহ-সভাপতি এম এ রহমান, সাধারণ সম্পাদক রুস্তম আলী, পৌর বিএনপির সহ-সভাপতি সাবেক কাউন্সিলর কুতুব উদ্দিন বিশ্বাস, আফজাল হোসেন বাবুসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তিনি ছিলেন দৈনিক নোয়াপাড়া পত্রিকার স্টাফ রিপোর্টার রুস্তম আলীর শশুর।

তালা শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী শেখ রেজাউল ইসলামের গণসংযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ২:৫৪ অপরাহ্ণ
তালা শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী শেখ রেজাউল ইসলামের গণসংযোগ

তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনকে সামনে রেখে সভাপতি পদে প্রার্থী হয়েছেন সুভাষিনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ রেজাউল ইসলাম। আগামী ১৬ মে অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে কেন্দ্র করে তিনি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ভোটারদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

সভাপতি পদপ্রার্থী শেখ রেজাউল ইসলাম বলেন, “শিক্ষকদের মর্যাদা রক্ষা, পেশাগত অধিকার আদায় এবং শিক্ষক সমিতিকে আরও গতিশীল ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে আমি নির্বাচন করছি। শিক্ষক সমাজের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও কল্যাণ নিশ্চিত করতে কাজ করতে চাই। সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।”

তিনি আরও বলেন, “নির্বাচিত হলে শিক্ষক সমাজের দাবি-দাওয়া বাস্তবায়ন, অবসরপ্রাপ্ত ও অসুস্থ শিক্ষকদের পাশে দাঁড়ানো এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সর্বোচ্চ চেষ্টা করব।” এ সময় তিনি তালা উপজেলার সকল শিক্ষকের কাছে আন্তরিক সহযোগিতা ও সমর্থন কামনা করেন।

 

আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই: খুলনায় আইন মন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ২:৪০ অপরাহ্ণ
আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই: খুলনায় আইন মন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোঃ আসাদুজ্জামান বলেছেন, আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নেই। এ লক্ষ্যে ব্রিটিশ একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় অতি শীঘ্রই দেশের সব জেলা বারে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তিনি বলেন, বিজ্ঞ বিচারক গড়ে তুলতে হলে আগে বিজ্ঞ ও দক্ষ আইনজীবী তৈরি করতে হবে।

মন্ত্রী আজ (শুক্রবার) সকালে খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে নবীন আইনজীবীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

নবীন আইনজীবীদের উদ্দেশে তিনি আরও বলেন, প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করা গেলে দেশে ন্যায়বিচার নিশ্চিত হবে। বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারকে আরও সুসংহত করতে বিচারালয়কে তীর্থস্থানের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। এ জন্য আইনজীবীদের সততা, নিষ্ঠা ও পেশাগত যোগ্যতার মান আরও উন্নত করতে হবে এবং সব ধরনের অনৈতিক কর্মকান্ড থেকে নিজেদের দূরে রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, সংসদ সদস্য আমীর এজাজ খান, এডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী ও জেলা প্রশাসক হুরে জান্নাত। জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এড. মোল্লা মশিয়ুর রহমান নান্নু।

এর আগে তিনি খুলনা জেলা জজ আদালতের কনফারেন্স রুমে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন। তথ্যবিবরণী