আশাশুনিতে সাড়ে ৪ হাজার জেলে পাচ্ছেন খাদ্য সহায়তা
আশাশুনি প্রতিনিধি: সমুদ্রে মাছ ধরা নিষিদ্ধ থাকার সময়ে আশাশুনি উপজেলার নিবন্ধিত ৪ হাজার ৫৫৫ জন জেলের জন্য খাদ্য সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে আয়োজিত এক সভায় এ তথ্য জানানো হয়।
যান্ত্রিক নৌযান ব্যবহার করে সমুদ্রে ১৫ এপ্রিল থেকে ৫৮ দিন মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এই সময়ে কর্মহীন হয়ে পড়া জেলেদের জীবনযাত্রা সচল রাখতে এ সহায়তা দেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডুর সভাপতিত্বে সভায় জানানো হয়, উপজেলার নিবন্ধিত কার্ডধারী প্রত্যেক জেলেকে ৭৭ কেজি করে চাল দেওয়া হবে।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি খায়রুল আহসান, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর ছিদ্দিক, বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রভাষক মাহবুবুল হক ডাবলু, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকি পলাশ ও আশাশুনি ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান।
এছাড়া সভায় শ্রীউলা, প্রতাপনগর ও খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউএনও শ্যামানন্দ কুন্ডু জানান, নির্ধারিত সময়ের মধ্যে যাতে প্রকৃত জেলেরা এই খাদ্য সহায়তা পান, তা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে তালিকা অনুযায়ী চাল বিতরণ শুরু হবে।
মৎস্য বিভাগ জানায়, সামুদ্রিক মৎস্য সম্পদের প্রজনন ও সুরক্ষা নিশ্চিত করতে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে জেলেদের সহযোগিতা চেয়েছে স্থানীয় প্রশাসন।









