রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

ইরানের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি: নেতানিয়াহু

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
ইরানের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার সফররত আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইকে পাশে নিয়ে তিনি এ মন্তব্য করেন।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ প্রচেষ্টা সম্পর্কে নেতানিয়াহু বলেন, এই লড়াই এখনও শেষ হয়নি।

পরিস্থিতির সম্ভাব্য পরিবর্তন সম্পর্কে সতর্ক করে তিনি বলেন, যেকোনও মুহূর্তেই নতুন কোনও ঘটনা ঘটতে পারে। কে জানে আগামীকাল বা তার পরের দিন কী অপেক্ষা করছে।

ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে নেতানিয়াহু আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, আমরা আমাদের লক্ষ্য অর্জন করব এবং বিশ্বের স্বাধীনতাকামী মানুষের জন্য আরও আশা ও আলোকবর্তিকা বয়ে আনব।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Ads small one

শ্যামনগরে এবার এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ণ
শ্যামনগরে এবার এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন

 

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলায় চলতি বছরে ৪২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩টি কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা ১৭৩১ জন। দুটি কেন্দ্রে দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ১১০১জন ও দুটি কেন্দ্রে ভকেশনাল পরীক্ষার্থীর সংখ্যা ১৪৬ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে প্রকাশ, এসএসসি মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯২২জন ও ছাত্রী ৮০৯জন। এর মধ্যে বিজ্ঞান বিভাগে পরীক্ষার্থী ৬২০জন, মানবিক বিভাগে পরীক্ষার্থী ৯৬৫জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে পরীক্ষার্থী ১৩৬ জন।
কেন্দ্র অনুযায়ী নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৬৪১জন, নওয়াবেঁকী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার্থী ৪৪৯জন ও নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৬৪১ জন।
দাখিল পরীক্ষার কেন্দ্র অনুযায়ী শ্যামনগর কেন্দ্রিয় দারুল উলুম কামিল মাদ্রাসা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৭০৬জন ও নওয়াবেঁকী বিড়ালাক্ষ্মী কাদেরিয়া ফাজিল(ডিগ্রী) মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থী ৩৯৫জন।
ভকেশনাল পরীক্ষার্থী কেন্দ্র অনুযায়ী শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে মোট পরীক্ষার্থী ৬৪জন ও নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ৮২জন।
এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে কক্ষ পরিদর্শকদের প্রশিক্ষণসহ অন্যান্য কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। আগামীকাল ২১ এপ্রিল থেকে এসএসসি, দাখিল ও ভকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আ*প*ত্তি*ক*র মন্তব্য: সহকারী শিক্ষককে কৈফিয়ত তলব

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ
সামাজিক যোগাযোগ মাধ্যমে আ*প*ত্তি*ক*র মন্তব্য: সহকারী শিক্ষককে কৈফিয়ত তলব

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে (মেসেঞ্জার গ্রুপে) ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে এক সহকারী শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে তাঁকে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক মো. আব্দুল খালেক উপজেলার ৭৪ নম্বর নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

তিনি ‘নলতা ক্লাস্টার, কালিগঞ্জ’ নামের একটি মেসেঞ্জার গ্রুপে গত ১৭ ও ১৮ এপ্রিল একাধিক পোস্টে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সম্পর্কে কুরুচিপূর্ণ, অমর্যাদকর ও অপমানজনক মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়েছে। ওই গ্রুপটি সরকারি তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়। নোটিশে উল্লেখ করা হয়, গত ১৪ এপ্রিল প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত ইনভিজিলেটরদের ব্রিফিংয়ে কর্মকর্তাদের ভূমিকা নিয়ে ব্যঙ্গ ও তুচ্ছতাচ্ছিল্য করে আপত্তিকর মন্তব্য করেন ওই শিক্ষক। পাশাপাশি কালিগঞ্জের একটি তেল পাম্পে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তার বিরুদ্ধেও অপ্রাসঙ্গিক ও অপমানজনক মন্তব্য করেন এবং তেল পাম্প ঘেরাওয়ের আহ্বান জানান, যা শিক্ষকদের ফৌজদারি অপরাধে প্ররোচিত করার শামিল বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, এসব কর্মকা- সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯ লঙ্ঘনের শামিল। পাশাপাশি ডিজিটাল নিরাপত্তা আইন-২০২৩ অনুযায়ীও তা শাস্তিযোগ্য অপরাধ হতে পারে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দীপক কুমার বিশ্বাস স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ অনুযায়ী কেন তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে না- সে বিষয়ে সন্তোষজনক জবাব তিন কর্মদিবসের মধ্যে দাখিল করতে হবে। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক মো. আব্দুল খালেকের বক্তব্য জানতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাঁকে পাওয়া যায়নি।

সম্পাদকীয়/প্রসঙ্গ: দুর্ভোগের নাম মরিচ্চাপ নদী; শুধু আশ্বাস নয়, প্রয়োজন টেকসই সমাধান

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ
সম্পাদকীয়/প্রসঙ্গ: দুর্ভোগের নাম মরিচ্চাপ নদী; শুধু আশ্বাস নয়, প্রয়োজন টেকসই সমাধান

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বাঁকড়া এলাকায় জোয়ারের স্রোতে কাঠের সাঁকো ভেসে যাওয়ার ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। গত শুক্রবার দুপুরে বাঁকড়া ও কুন্দুড়িয়া গ্রামের সংযোগকারী এই একমাত্র পারাপার ব্যবস্থাটি নদীগর্ভে বিলীন হওয়ায় ১০টি গ্রামের মানুষ এখন কার্যত বিচ্ছিন্ন। শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ শ্রমজীবীÑসবার যাতায়াত এখন অনিশ্চয়তার মুখে।
উল্লেখ্য যে, এখানে ইতিপূর্বে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে একটি কংক্রিট সেতু ছিল। কিন্তু তিন-চার বছর আগে নদী খননকালে সেটি ধসে পড়ে। এরপর থেকে এলাকাবাসীর ভাগ্য ঝুলে ছিল একটি নড়বড়ে কাঠের সাঁকোতে। সেই সাঁকোটিও এখন নেই। প্রশ্ন জাগে, একটি জনগুরুত্বপূর্ণ পথে বছরের পর বছর কেন একটি স্থায়ী ও মজবুত সেতু নির্মিত হলো না? স্থানীয় বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের যাতায়াত বন্ধ হয়ে পড়েছে। জরুরি চিকিৎসায় রোগীকে হাসপাতালে নেওয়া এখন প্রায় দুঃসাধ্য। বুধহাটা, পাইথালী ও ব্যাংদহার মতো বড় বাজারগুলোর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষকরা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতে সময় ও খরচÑউভয়ই দ্বিগুণ বেড়েছে, যা নি¤œআয়ের মানুষের জন্য মরার ওপর খাঁড়ার ঘা।
শনিবার স্থানীয় সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার ঘটনাস্থল পরিদর্শন করে এক সপ্তাহের মধ্যে পুনরায় কাঠের সাঁকো তৈরির আশ্বাস দিয়েছেন। আমরা এই উদ্যোগকে স্বাগত জানাই, কারণ সাময়িকভাবে জনদুর্ভোগ কমাতে এর বিকল্প নেই। তবে বাস্তবতা হলো, জোয়ার-ভাটার এই উত্তাল নদীতে কাঠের সাঁকো কোনো স্থায়ী সমাধান নয়। যে কোনো সময় এটি আবারও দুর্ঘটনার কারণ হতে পারে।
কর্তৃপক্ষের কাছে এলাকাবাসীর দাবি অত্যন্ত যৌক্তিক। তারা কেবল জোড়াতালির সংস্কার চান না, বরং একটি টেকসই কংক্রিট সেতু চান। এলজিইডি ও সংশ্লিষ্ট দপ্তরকে কেবল ব্যয়ের হিসাব জমা দিলেই চলবে না, বরং দ্রুততম সময়ে একটি আধুনিক ও মজবুত সেতু নির্মাণের প্রকল্প গ্রহণ করতে হবে।
সাতক্ষীরার উপকূলীয় জনপদের মানুষের জীবন এমনিতেই প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে চলে। সেখানে প্রশাসনিক অবহেলার কারণে যাতায়াত ব্যবস্থার এমন বেহাল দশা কোনোভাবেই কাম্য নয়। আমরা আশা করি, এমপির দেওয়া এক সপ্তাহের প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে এবং অতি দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণের মাধ্যমে এলাকার মানুষের দীর্ঘদিনের কান্নার অবসান ঘটবে।