সীমান্তে বিজিবির অভিযানে ১৮ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৩০ আগস্ট সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) কালিয়ানী বিওপির একটি বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর থানাধীন ছয়ঘরিয়া কাঁঠালতলা মোড় এলাকা থেকে এই মালামাল আটক করে।
বিজিবি সূত্র জানায়, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব মালামাল বাংলাদেশে পাচার করা হচ্ছিল। ভারতীয় দ্রব্যের অবৈধ চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার বিপুল রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। বিজিবির এই রাজস্ব ফাঁকিরোধী উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা সাধুবাদ জানিয়েছেন।
এদিকে যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৩০ আগস্ট দিনভর যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালি চেকপোস্ট বিজিবি ক্যাম্পের সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।
বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত এলাকা তল্লাশি চালিয়ে ১১২টি ভারতীয় শাড়ি, ৯৭ কেজি ফুসকা, কিসমিস, জিরা, কসমেটিকস, সনপাপড়ি ও পেস্তাবাদামসহ বিভিন্ন মালামাল আটক করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক সিজার মূল্য ৯ লাখ ৫৯ হাজার ৬৮০ টাকা। তবে অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। সীমান্তে চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির এই কঠোর আভিযানিক কার্যক্রম ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।










