মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

ঐক্যবদ্ধভাবে আধুনিক ও মডেল শ্যামনগর গড়ার আহ্বান জেলা প্রশাসকের

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ
ঐক্যবদ্ধভাবে আধুনিক ও মডেল শ্যামনগর গড়ার আহ্বান জেলা প্রশাসকের

শ্যামনগরে বিভিন্ন দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন

শ্যামনগর প্রতিনিধি: ঐক্য ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। সামান্য স্বার্থের কারণে নিজেদের মধ্যে দূরত্ব তৈরি না করে এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাউসার আজিজ।

সোমবার বেলা ১১টায় শ্যামনগর উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুজ্জাহান কনকের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, এনজিও সমন্বয়কসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, মাছ, কৃষি ও খেলাধুলায় শ্যামনগর একটি সম্ভাবনাময় জনপদ। সুন্দরবন এ উপজেলার সবচেয়ে বড় পরিচয়। এসব সম্পদ ও সম্ভাবনা রক্ষায় এলাকার প্রতিটি মানুষের দায়বদ্ধতা রয়েছে। সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করলে শ্যামনগর শুধু সাতক্ষীরা নয়, গোটা বিভাগ তথা দেশের মধ্যে বিশেষ পরিচিতি লাভ করবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ আবারও অন্ধকারে ডুবে যাক, তা কেউ চায় না। দেশকে কোনোভাবেই পিছিয়ে যেতে দেওয়া যাবে না। বাংলাদেশকে হৃদয়ে ধারণ করে প্রত্যেককে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখতে হবে।

মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধে পারিবারিক সচেতনতা এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, কোনো পরিবারের সব সদস্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার তথ্য অত্যন্ত উদ্বেগজনক। শুরুতেই এ প্রবণতা রোধ করতে না পারলে সমাজ ও রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি কারও ছোটখাটো ভুলত্রুটি থাকলে তা সংশোধন করে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান তিনি।

এ সময় পদ্মপুকুরের উপকূলরক্ষা বাঁধ সংস্কার, শিক্ষার মানোন্নয়ন, সরকারি জমির ব্যবস্থাপনা ও খেলার মাঠ তৈরিসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেন জেলা প্রশাসক।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান, শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফিউল ইসলাম পাটোয়ারী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট মাহাবুব, সহকারী বন সংরক্ষক মো. শাহিনুর ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবীর, নকিপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ, চেয়ারম্যান আমজাদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জিয়াদ আলী, আনসার ও ভিডিপি কর্মকর্তা আলমগীর হোসেন, নৌ-পুলিশের ইনচার্জ হাফিজুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সামিউল মনির, সামরিক গোয়েন্দা বিভাগের আব্দুল্লাহ আল মামুন এবং প্রধান শিক্ষক আব্দুল্লাহ প্রমুখ।

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক নকিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান এবং শ্রেণিকক্ষে পাঠরত শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে একটি ফলজ গাছের চারা রোপণ করেন।

এরপর তিনি উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয় পরিদর্শন করেন। এ সময় রেকর্ডরুমসহ কার্যালয়ের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। পরে শ্যামনগর থানা পরিদর্শন করেন জেলা প্রশাসক।

Ads small one

মুন্সিগঞ্জ হরিনগর হাটবাজার ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:২২ পূর্বাহ্ণ
মুন্সিগঞ্জ হরিনগর হাটবাজার ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর হাটবাজার ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ হলরুমে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১৬৪ ভোট পেয়ে আবু হাসান বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আনিসুজ্জামান (আনিস) পেয়েছেন ১০১ ভোট। এ ছাড়া বাবলুর রহমান ৮৯, মোতালেব হোসেন ৩০ এবং আবুল কাশেম ২৫ ভোট পেয়েছেন।
সদস্য পদে ২৬৩ ভোট পেয়ে শরিফুল ইসলাম সাগর প্রথম সদস্য এবং ১৭২ ভোট পেয়ে জাহাঙ্গীর হোসেন দ্বিতীয় সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রশিদ ১১৩, জামাল হোসেন ৯৪, নাজমুল হোসেন ৬৩ এবং আব্দুল হামিদ ২৫ ভোট পেয়েছেন।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছে ৭ নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদ। তারা আশা প্রকাশ করে বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন এবং বাজারের সার্বিক সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, উপজেলার অন্যতম জমজমাট বাজার হরিনগর। দীর্ঘদিন কমিটি না থাকায় ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যার মুখোমুখি হতে হয়েছে। ব্যবসায়ীরা তাঁদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তিনি সব ব্যবসায়ীকে সঙ্গে নিয়ে বাজারের নিরাপত্তা নিশ্চিত করা এবং হরিনগরকে উপজেলার একটি মডেল বাজার হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের তৎপরতায় আইনশৃঙ্খলা উন্নয়নে উদ্যোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:২১ পূর্বাহ্ণ
বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের তৎপরতায় আইনশৃঙ্খলা উন্নয়নে উদ্যোগ

আশাশুনি প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক রেজাউল করিম দায়িত্ব গ্রহণের পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন।

দায়িত্ব গ্রহণের এক মাসের মধ্যে তাঁর তৎপরতায় স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রম জোরদার হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি অপরাধ প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত পুলিশি তৎপরতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, ইউনিয়ন পুলিশিং কমিটি, বাজার ব্যবস্থাপনা কমিটি ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করছেন। পাইথালী, বেউলা, মহেশ্বরকাটি ও বুধহাটা বাজারে আয়োজিত এসব মতবিনিময় সভায় মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

এ ছাড়া অপরাধপ্রবণ এলাকায় নজরদারি বৃদ্ধি, মাদক ও অসামাজিক কর্মকা- প্রতিরোধ এবং মোবাইল ফোনে অনলাইন জুয়া বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। বিভিন্ন জুমার নামাজের আগে মসজিদে সচেতনতামূলক বক্তব্য দিয়ে সামাজিক অপরাধ প্রতিরোধে জনগণের সহযোগিতাও কামনা করছেন তিনি।

স্থানীয়দের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, সাধারণ মানুষের অভিযোগ ও সমস্যাকে গুরুত্ব দেওয়া এবং জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে পুলিশি সেবা আরও জনবান্ধব করার চেষ্টা চলছে।

পুলিশ পরিদর্শক রেজাউল করিমের এসব উদ্যোগে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা বাড়বে বলে আশা করছেন স্থানীয়রা। আইনশৃঙ্খলা রক্ষা পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত দায়িত্বÑএমন ধারণাকে সামনে রেখে বুধহাটা পুলিশ তদন্ত কেন্দ্রের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

নির্বাচনী পরীক্ষায় ৬ বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে অভিভাবক আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২:২০ পূর্বাহ্ণ
নির্বাচনী পরীক্ষায় ৬ বিষয়ে ফেল, প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে অভিভাবক আটক

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা: যশোরের ঝিকরগাছায় নির্বাচনী পরীক্ষায় ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় এক শিক্ষার্থীর বাবার বিরুদ্ধে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত অভিভাবক ইউনুস আলীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে।

আটক ইউনুস আলী ওই বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী আরফিন আহমেদের বাবা। বিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে আরফিন আহমেদ ছয় বিষয়ে অকৃতকার্য হয়। ফলে তার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এ খবর জানার পর শিক্ষার্থীর বাবা ইউনুস আলী প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় মাথিয়াস রোজারিওর কক্ষে গিয়ে তাঁর ওপর চড়াও হন এবং তাঁকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনার পর বিদ্যালয় কর্তৃপক্ষ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ইউনুস আলীকে আটক করে।

এ ঘটনায় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শরিফুজ্জামানসহ ১২ জন শিক্ষক ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ইউনুস আলীর স্ত্রী এবং নয়ন নামের স্থানীয় এক ব্যক্তি বিভিন্ন সময়ে বিদ্যালয় ও শিক্ষকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে প্রধান শিক্ষকের কক্ষে ইউনুস আলীর প্রবেশ এবং প্রধান শিক্ষককে চড় মারার দৃশ্য দেখা গেছে। পরে অন্য শিক্ষকরা কক্ষে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযোগ অনুযায়ী, একপর্যায়ে ইউনুস আলীর স্ত্রী ও নয়ন নামের ওই ব্যক্তিও প্রধান শিক্ষকের সঙ্গে অসদাচরণে জড়ান।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইদ্রিস আলী বলেন, প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত অভিভাবক ইউনুস আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলার অভিযোগে শিক্ষক ও স্থানীয় শিক্ষামহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে।