সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জের ডিসি-এসপি প্রত্যাহার, নতুন দায়িত্বে দুই কর্মকর্তা

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
গোপালগঞ্জের ডিসি-এসপি প্রত্যাহার, নতুন দায়িত্বে দুই কর্মকর্তা

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্যে সশস্ত্র মিছিল, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর জেলার জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলি করেছে সরকার। ডিসি মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। আর এসপি মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয়।

রবিবার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জানানো হয়।

নতুন জেলা প্রশাসক হিসেবে হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে গোপালগঞ্জে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে ফেনীর বর্তমান এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার করা হয়।

এর আগে, রবিবার বেলা ১১টা থেকে পৌনে ২টা পর্যন্ত গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজিত এই মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে লগি-বইঠা, রামদা, চায়নিজ কুড়াল, টেঁটা, বল্লমসহ বিভিন্ন দেশি অস্ত্র দেখা যায়।

মিছিলকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে শহরের বিভিন্ন এলাকায় প্রবেশ করেন। এ সময় জুলাই স্মৃতিস্তম্ভ ও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নামফলক ভাঙচুর করা হয়। ভাঙচুর করা হয় পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি) ও পুলিশ বক্স। এপিসির গায়ে লাল রং দিয়ে ‘জয় বাংলা’ লিখে দেন বিক্ষোভকারীরা।

এ ছাড়া গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা খুলে দেন নেতাকর্মীরা। গোপালগঞ্জ সরকারি কলেজের ফটকে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ নাম সংবলিত ব্যানার টাঙানো হয়। বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জয় বাংলা চত্বর’ও স্থাপন করেন তারা।

মিছিল চলাকালে শহরের একটি সুপারশপের কাচ ভাঙচুর করা হয়। পৌরসভার সামনে বিএনপির ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে সড়কে আগুন দেওয়া হয়। শহরের বিভিন্ন স্থানে টায়ার, বাঁশ ও কাঠ জ্বালিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।

ঘটনাকে কেন্দ্র করে জেলা শহরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। পুলিশ, বিজিবি, এসআরবি ও এপিবিএনের সদস্যদের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়। মিছিলের কারণে শহরের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং রিকশা-ভ্যান চলাচল ব্যাহত হয়। দুপুর দুইটার পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে।

Ads small one

আসিফ মাহমুদকে গোপালগঞ্জের প্রশাসক করার পরামর্শ তারেক রহমানের

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ণ
আসিফ মাহমুদকে গোপালগঞ্জের প্রশাসক করার পরামর্শ তারেক রহমানের

ন্যাশনাল ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠানোর পরামর্শ দিয়েছেন আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে তারেক রহমান লেখেন, ‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান। আগের বার তো এপিসিতে করে পালায় আসছিল।’
এর আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে ফেসবুকে পোস্ট দেন আসিফ মাহমুদ। তিনি লেখেন, দুই সপ্তাহের জন্য তাঁকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলে পরিস্থিতি ঠিক করে দেবেন। অন্য এক পোস্টে তিনি বলেন, তাঁকে রাজনৈতিক প্রতিপক্ষ মনে করা হলে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে দায়িত্ব দেওয়া যেতে পারে। তিনি তাঁর চেয়ে ভালোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারবেন বলেও মন্তব্য করেন।
আসিফ মাহমুদের এসব পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়। এর মধ্যেই তাঁকে গোপালগঞ্জের প্রশাসক হিসেবে পাঠানোর পরামর্শ দিয়ে পোস্ট দেন তারেক রহমান।
উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ জুলাই গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে পুলিশ কন্ট্রোল রুমে উপস্থিত হয়েছিলেন আসিফ মাহমুদ। ওই দিন গোপালগঞ্জে কারফিউ জারি ও অস্থিরতা পর্যবেক্ষণের সময় তাঁর উপস্থিতি নিয়ে রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা হয়েছিল।

২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ণ
২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

স্পোর্টস ডেস্ক: ২০৩১ সালের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ ও ভারত। আগামী ৯ অক্টোবর শুরু হয়ে ২৩ নভেম্বর পর্যন্ত চলবে এ টুর্নামেন্ট।
ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভায় ২০৩৫ সাল পর্যন্ত পুরুষদের প্রধান আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করা হয়েছে।
সূচি অনুযায়ী, ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে। ২০৩০ সালের আসর আয়োজন করবে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড। ২০২৯ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে ভারতে।
এ ছাড়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ফাইনাল ২০৩৫ সাল পর্যন্ত প্রতি দুই বছর পর জুনে অনুষ্ঠিত হবে। ২০২৯ ও ২০৩১ সালের ফাইনালের আয়োজক ইংল্যান্ড।
আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তা বলেন, দীর্ঘমেয়াদি এ সূচি ক্রিকেটার ও সদস্য দেশগুলোকে ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন এবং ক্রিকেটের উন্নয়নে সহায়তা করবে।

তালায় বাল্যবিয়ে দেওয়ার দায়ে দুই অভিভাবকের কারাদন্ড

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ণ
তালায় বাল্যবিয়ে দেওয়ার দায়ে দুই অভিভাবকের কারাদন্ড

 

বি. এম. জুলফিকার রায়হান, তালা: সাতক্ষীরার তালায় পৃথক দুটি স্থানে বাল্যবিয়ে আয়োজনের দায়ে দুই শিশুর অভিভাবককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদ- ও অর্থদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৫ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার জানান, তালা সদর ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় ষষ্ঠ শ্রেণির ১৩ বছর বয়সী এক ছাত্রীর বাল্যবিয়ের আয়োজনের খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় বর ও তাঁর স্বজনেরা পালিয়ে যান। পরে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারায় শিশুটির বাবা শেখ সুমনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- দেওয়া হয়।
অন্যদিকে, নগরঘাটা গ্রামে আরেকটি বাল্যবিয়ে আয়োজন এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে শিশুবরের বাবা মো. নুরুল ইসলামকে ১৫ দিনের কারাদ- ও তিন হাজার টাকা জরিমানা করা হয়।
দ-প্রাপ্ত দুজনকে ওই দিন সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে বাল্যবিয়ের আয়োজন করা উভয় বিয়েতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অভিযানকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ও কিশোর-কিশোরী ক্লাবের কর্মীরা উপস্থিত ছিলেন।