শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি: “প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য”Ñএই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরার শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদ্যাপিত হয়েছে।
১৭ জুন বুধবার সকালে উপজেলার কাঁঠালবাড়িয়া এজি মাধ্যমিক বিদ্যালয়ে গভর্ন্যান্স ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট (জিফোরসিআর) প্রকল্পের আওতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ’ (সিএনআরএস)-এর আয়োজনে অনুষ্ঠানটিতে অর্থায়ন করে ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড এবং সার্বিক সহযোগিতা করে সিডিও।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তৌহিদ হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিডিও-এর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান। শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিতে অংশগ্রহণকারী ১৫৬জন শিক্ষার্থী পরিবেশ সংরক্ষণ, প্লাস্টিক দূষণ রোধ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার বিভিন্ন বার্তাসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে। র্যালিটি বিদ্যালয়ের চারপাশ ও কাঁঠালবাড়িয়া প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। সবশেষে বিদ্যালয় প্রাঙ্গণে পরিবেশ সুরক্ষার অঙ্গীকার নিয়ে চারা গাছ রোপণ করা হয়।








