কালিগঞ্জে নারী কৃষকদের মাঝে অনুদানের চেক বিতরণ
সংবাদদাতা: নারী কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়ন ও কৃষিকাজে সহায়তার অংশ হিসেবে ক্ষুদ্র বীজ উদ্যোগের প্রারম্ভিক খরচের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গেটস ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় ‘আভাস’-এর নেতৃত্বে ও ‘বিন্দু নারী উন্নয়ন সংগঠন’ এই কর্মসূচি বাস্তবায়ন করে।
বিন্দু’র উপদেষ্টা পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে এবং প্রোগ্রাম অফিসার জাকিয়া রাজিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মিণন সাহা। তিনি বলেন, পুরুষের পাশাপাশি নারীদের কৃষিকাজে সম্পৃক্ত করতে পারলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে এবং পারিবারিক পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অর্থনৈতিকভাবেও সফলতা আসবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা সমবায় কর্মকর্তা আকরাম হোসেন ও বিন্দু’র উপদেষ্টা অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম। নারী কৃষকদের পক্ষে বক্তব্য রাখেন নাজমা বেগম ও আনোয়ারা বেগম। অনুষ্ঠান শেষে কালিগঞ্জ উপজেলার ৪টি ইউনিয়নের ১৩টি নারী কৃষক সমিতির প্রত্যেকটির হাতে ৩০ হাজার টাকা মূল্যের অনুদানের চেক তুলে দেওয়া হয়।










