কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুরে পূজামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি কাজী আলাউদ্দিন
সংবাদদাতা: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন পূজাম-প পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন।
সোমবার বিকেলে তিনি দক্ষিণ সোনাতলা সর্বজনীন দুর্গা মন্দির, উত্তর শ্রীপুর সাড়াতলা সর্বজনীন দুর্গা মন্দির ও গোবিন্দকাটি সর্বজনীন দুর্গা মন্দিরসহ ইউনিয়নের বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেন। এ সময় তিনি পূজার সার্বিক খোঁজখবর নেন এবং ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে কাজী আলাউদ্দিন বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতির পাশাপাশি সব ধর্মের মানুষের নিরাপত্তা, অধিকার এবং ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই যেন শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও বলেন, পূজাম-পের নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। গত বছরের তুলনায় এ বছর প্রতিটি মন্দিরে সরকারিভাবে চাল বরাদ্দ বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
এ সময় তার সঙ্গে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আহম্মাদ আলী শাহাজাসহ স্থানীয় নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।









