সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ
কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজার রক্ষার দাবিতে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জের কৃষ্ণনগরে তোহা বাজারের জায়গা সংরক্ষণ ও উন্নয়ন এবং জনস্বার্থসংশ্লিষ্ট এ জায়গা ব্যক্তিস্বার্থে বন্দোবস্ত না দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের সামনে তোহা বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার কৃষ্ণনগর মৌজার ১ নম্বর খতিয়ানের ২০৬৮ দাগের পেরিফেরিভুক্ত জায়গাটি কয়েক যুগ ধরে তোহা বাজার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। একসময় সেখানে মাছের বাজার ছিল। পরে মাছের বাজারটি স্থানান্তরিত হলে প্রায় দুই থেকে তিন যুগ ধরে ক্ষুদ্র চাল ও মাংস ব্যবসায়ীরা জায়গাটি ব্যবহার করে আসছেন। বর্তমানে সেখানে কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী চালসহ বিভিন্ন পণ্য কেনাবেচা করছেন।

বক্তারা অভিযোগ করে বলেন, জায়গাটির ব্যবহার ও স্থাপনা সম্পর্কে বন্দোবস্তের বিবরণে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তব অবস্থার অসঙ্গতি রয়েছে। সম্প্রতি জায়গাটি ব্যক্তি নামে বন্দোবস্তের আবেদন ও ভূমি অফিসের সুপারিশের বিষয়টি স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট নথিপত্র, পেরিফেরিভুক্তির তথ্য ও সরেজমিন পরিস্থিতি যাচাই করে নিরপেক্ষ তদন্তের দাবি জানান তাঁরা।

বক্তারা আরও বলেন, বাজারের জায়গাটিতে সরকারি উদ্যোগে নির্মিত লোহার ফ্রেমযুক্ত টিনশেডের ছাউনি ছিল। তাঁদের অভিযোগ, ২০২৪ সালের ১০ মে রাতে একটি গোষ্ঠী ছাউনিটি অপসারণ করে জায়গাটি নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করে। স্থানীয়দের প্রতিবাদ ও প্রতিরোধের মুখে সে চেষ্টা সফল হয়নি। পরে প্রশাসনের হস্তক্ষেপে সেখানে কয়েকটি পিলার স্থাপন করা হয়। তবে অপসারিত লোহার ফ্রেম ও টিনশেডের বর্তমান অবস্থান সম্পর্কে তাঁরা কিছু জানেন না বলে জানান। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও জানান বক্তারা।

মানববন্ধনে উপস্থিত কৃষ্ণনগর এলাকার বাসিন্দা প্রয়াত আব্দুস সামাদ সরদারের ছেলে তৌফিকুজ্জামান ও তাঁর স্ত্রী সাইমা পারভীনও বক্তব্য দেন। তাঁদের দাবি, কৃষ্ণনগর মৌজার ১ নম্বর খতিয়ানের ২০৬৬ দাগে তাঁদের নামে বরাদ্দ করা একটি কসমেটিকসের দোকান ও একটি কাঁচামালের আড়তকে সেমিপাকা কাপড়ের দোকান হিসেবে দেখিয়ে উপজেলার শংকরপুর গ্রামের মৃত জিয়াদ আলী কাগুজির ছেলে ইদ্রিস আলী কাগুজী ও বেনাদনা গ্রামের আব্বাস ঢালীর ছেলে খোকন ঢালী বন্দোবস্ত নেওয়ার চেষ্টা করছেন। তাঁরা বিষয়টি তদন্ত করে ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
ভূমি অফিসের প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, কৃষ্ণনগর মৌজার ১ নম্বর খতিয়ানের ২০৬৮ দাগের তোহা বাজার হিসেবে পরিচিত জায়গাটিতে সেমিপাকা কাপড়ের দোকান রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে ১৪৩২ বঙ্গাব্দ থেকে জায়গাটি ব্যবহার করার তথ্যের সঙ্গে শংকরপুর গ্রামের ইদ্রিস আলী কাগুজীর দুই ছেলে আনোয়ারুল ও এমদাদুল, মেয়ে মোছা. আয়েশা খাতুন এবং কৃষ্ণনগর গ্রামের নুরুল ইসলাম সরদারের ছেলে মোহাম্মদ শাহিনের নাম উল্লেখ রয়েছে।
‘কৃষ্ণনগরের তোহা বাজার রক্ষা ও উন্নয়ন চাই’ স্লোগানে আয়োজিত মানববন্ধনে শহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাস্টার ইব্রাহিম বাহারী, ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল আজিজ গাইন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, তৌফিকুজ্জামান, সাইমা পারভীন, ব্যবসায়ী আসফারুকুজ্জামান, ক্ষুদ্র ব্যবসায়ী আজিজ ও খাদেমসহ স্থানীয় ব্যক্তিরা।

মানববন্ধন থেকে তোহা বাজারের জায়গা সংরক্ষণ, বিতর্কিত বন্দোবস্ত কার্যক্রম স্থগিত, সংশ্লিষ্ট নথি ও ভূমি অফিসের প্রতিবেদন তদন্ত এবং বাজারটি পুনরায় উন্নয়ন করে ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসার সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।

এ সব বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জি, এম ফয়েজ আহমেদ বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেন।

Ads small one

পাটকেলঘাটায় মাস আইসিইউতে থাকার পর স্মৃতিশক্তি ফিরল জাহিদের

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১২:১০ পূর্বাহ্ণ
পাটকেলঘাটায় মাস আইসিইউতে থাকার পর স্মৃতিশক্তি ফিরল জাহিদের

পাটকেলঘাটা প্রতিনিধি: খুলনার নর্থ ওয়েস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র মো. নাঈমুর রহমান জাহিদ দুরারোগ্য জিবিএস (গুলেন ব্যারি সিন্ড্রোম) রোগে আক্রান্ত হয়ে দীর্ঘ চার মাস ধরে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে স্মৃতিশক্তি ফিরে পেয়েছেন।
পাটকেলঘাটা থানার কুমিরা গ্রামের সোপান সরদারের একমাত্র পুত্র জাহিদ গত ১৯ জুন জিবিএস রোগে আক্রান্ত হন। প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে তাকে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রফেসর ডা. এনায়েতুল্লাহর তত্ত্বাবধানে ও আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি এখন অক্সিজেন ছাড়াই কথা বলতে পারছেন এবং মানুষের নাম ধরে ডাকতে পারছেন। ছেলের এমন সুস্থতায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে তার মা সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

 

সুন্দরবন উপকূলসংলগ্ন পূজাম-পের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ণ
সুন্দরবন উপকূলসংলগ্ন পূজাম-পের নিরাপত্তায় ১৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সংবাদদাতা: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুন্দরবন উপকূলসংলগ্ন এই তিন উপজেলার ৪৪টি পূজাম-পের নিরাপত্তায় নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) থেকে ১৬ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের উত্তর কদমতলা পূজাম-পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার আবু সহল আব্দুল্লাহ (পিএসসি, সিগন্যাল)।

তিনি জানান, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব নির্বিঘœ ও উৎসবমুখর করতে বিজিবি মাঠে কাজ করছে। মোতায়েন করা বিজিবি সদস্যরা পূজাম-প ও আশপাশের এলাকায় নিয়মিত টহল এবং নজরদারি জোরদার রাখবেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন।

সাতক্ষীরায় সীমানা পিলার তুলে গাছ ও বেড়া ভাঙচুর, ১৫ হাজার টাকা চুরি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ণ
সাতক্ষীরায় সীমানা পিলার তুলে গাছ ও বেড়া ভাঙচুর, ১৫ হাজার টাকা চুরি

সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর গ্রামে সীমানা বিরোধের জেরে গাছপালা কাটা, বেড়া ভাঙচুর ও ঘরে ঢুকে টাকা চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
ভুক্তভোগী জুয়েলারি ব্যবসায়ী পলাশ চৌধুরী জানান, প্রতিবেশী রতন অধিকারীর সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। গত রাতে তিনি পরিবারের সদস্যদের বাড়িতে রেখে বিভিন্ন ম-পে প্রতিমা দর্শনে যান। রাত দেড়টার দিকে বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে দেখেন, তার সীমানা পিলার তুলে ফেলা হয়েছে এবং গাছপালা ও চটার বেড়া কেটে তছনছ করা হয়েছে। এ ছাড়া ঘরের পেছনের বেড়া ভেঙে দোতলায় প্রবেশ করে টিনের বাক্সের তালা ভেঙে নগদ ১৫ হাজার টাকা লুট করা হয়েছে। তিনি পূর্ববিরোধের জের ধরে প্রতিবেশী রতন অধিকারী এই ঘটনা ঘটিয়েছেন বলে আশঙ্কা করছেন।
অভিযুক্ত রতন অধিকারী দাবি করেন, নিজেদের সাজানো নাটকে তাকে দোষারোপ করা হচ্ছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।