বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

কালিগঞ্জে ৭ নভেম্বর পালনে কৃষকদলের প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৬:১৪ অপরাহ্ণ
কালিগঞ্জে ৭ নভেম্বর পালনে কৃষকদলের প্রস্তুতি সভা

সংবাদদাতা: সাতক্ষীরার কালিগঞ্জে জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাদ আসর কালিগঞ্জ উপজেলা কৃষকদলের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সদস্যসচিব আরিফুর রহমান ছোটন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদ্য সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান বাপ্পি, সাবেক যুগ্ম সম্পাদক শেখ মনিরুজ্জামান মনি, নলতা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ওসমান আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, মথুরেশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সামাদ, তারালী ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক এনামুল হক এনাম, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সাবেক সদস্যসচিব আবুল কালাম, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম টোকন, ওলামা দলের সভাপতি হাফেজ আব্দুল মজিদ, জাসাসের আহ্বায়ক মুরশিদ আলী গাজী ও সদস্যসচিব মোস্তাফিজুর রহমানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভা শেষে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জ পুরাতন ইসলামী ব্যাংক মোড় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে পাঁচ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

Ads small one

ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় আহত অজ্ঞাত নারীর মৃত্যু

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:২৮ অপরাহ্ণ
ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় আহত অজ্ঞাত নারীর মৃত্যু

সংবাদদাতা: যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত এক অজ্ঞাতনামা নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার লাউজানী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। অবস্থার অবনতি হলে তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় জানা যায়নি। স্থানীয়দের কেউ কেউ ঘটনাটিকে আত্মহত্যার চেষ্টা বলে ধারণা করলেও এ বিষয়ে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

এর আগের দিন বুধবার একই এলাকায় ট্রেনের ধাক্কায় একটি কাভার্ডভ্যানের চালক নিহত হন। পরপর দুই দিনে একই এলাকায় রেল দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

দৈনিক হৃদয় বার্তার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:২৪ অপরাহ্ণ
দৈনিক হৃদয় বার্তার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তা চার বছর পেরিয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শহরের ম্যানগ্রোভ সভাঘরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু। স্বাগত বক্তব্য দেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক জি এম মোশাররফ হোসেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি গণমাধ্যমের মূল শক্তি বস্তুনিষ্ঠ সংবাদ, নিরপেক্ষতা ও মানুষের প্রতি দায়বদ্ধতা। দৈনিক হৃদয় বার্তা সাতক্ষীরার মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে পাঠকের আস্থা অর্জনের চেষ্টা করছে। সমাজের অনিয়ম ও জনদুর্ভোগের পাশাপাশি ইতিবাচক উদ্যোগ ও সম্ভাবনার খবর প্রকাশে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাঁরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম, সময় টিভির মমতাজ আহমেদ বাপ্পী, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকেরা। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৮:১৯ অপরাহ্ণ
কলারোয়ায় নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার

কলারোয়া প্রতিনিধি: দেশব্যাপী নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্বোধনের অংশ হিসেবে সাতক্ষীরার কলারোয়ায় উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় খুলনা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ আয়োজনের উদ্বোধন করেন। কলারোয়া উপজেলা পরিষদ মিলনায়তনে বড় পর্দায় প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান দেখার ব্যবস্থা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়নাল আবদীন, যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার আক্তার, ইউপি চেয়ারম্যান সাঈদ আলী গাজী, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মীর রফিকুল ইসলাম, বাফুফের জেলা সদস্য সাইফুল ইসলাম বাবুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, শিক্ষক ও সাংবাদিকেরা।