দৈনিক হৃদয় বার্তার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক হৃদয় বার্তা চার বছর পেরিয়ে পঞ্চম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে শহরের ম্যানগ্রোভ সভাঘরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু। স্বাগত বক্তব্য দেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক জি এম মোশাররফ হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি গণমাধ্যমের মূল শক্তি বস্তুনিষ্ঠ সংবাদ, নিরপেক্ষতা ও মানুষের প্রতি দায়বদ্ধতা। দৈনিক হৃদয় বার্তা সাতক্ষীরার মানুষের সুখ-দুঃখ, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে পাঠকের আস্থা অর্জনের চেষ্টা করছে। সমাজের অনিয়ম ও জনদুর্ভোগের পাশাপাশি ইতিবাচক উদ্যোগ ও সম্ভাবনার খবর প্রকাশে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তাঁরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, জেলা তথ্য কর্মকর্তা মো. জাহারুল ইসলাম, সময় টিভির মমতাজ আহমেদ বাপ্পী, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামানসহ বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকেরা। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।



