কেঁড়াগাছি–কাকডাঙ্গা সড়কের সংস্কারকাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
অহিদুজ্জামান খোকা, কেঁড়াগাছি (কলারোয়া): সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি থেকে কাকডাঙ্গা ছাফেদের মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারকাজ শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী সড়কটি দিয়ে যাতায়াতে পথচারী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের চরম দুর্ভোগ পোহাতে হতো।
সড়কটির বেহাল দশা নিয়ে বিভিন্ন সময় স্থানীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। দৈনিক পত্রদূতেও একাধিকবার সচিত্র প্রতিবেদন প্রকাশের মাধ্যমে এলাকাবাসীর দুর্ভোগ তুলে ধরা হয়।
সম্প্রতি সড়কটির সংস্কারকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। নির্মাণকাজে রোলারসহ বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।
এলাকাবাসীর প্রত্যাশা, কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সংস্কারকাজ শেষ করা হবে। এতে সড়কটিতে যাতায়াত আরও সহজ ও নিরাপদ হবে। একই সঙ্গে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তাঁরা।












