কেশবপুর বাহারুল উলুম কামিল মাদ্রাসার সভাপতির দায়িত্ব গ্রহণ
কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোরের কেশবপুর উপজেলার ঐতিহ্যবাহী বাহারুল উলুম কামিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রভাষক মোঃ জুলমত আলী।
জানা যায়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং- ১৭০৫/২০২৬-এর আদেশের পরিপ্রেক্ষিতে তিনি মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন। অপরদিকে, আরবি বিশ্ববিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য হিসেবে কেশবপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী বহাল রয়েছেন।
সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বৃহস্পতিবার সকালে প্রভাষক জুলমত আলী মাদ্রাসা পরিদর্শনে যান। এ সময় তিনি শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করেন। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মোঃ আব্দুল হান্নান। এছাড়া উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুল আলম বুলবুল, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজন।
মতবিনিময় সভায় সভাপতি প্রভাষক জুলমত আলী বলেন, “এই মাদ্রাসাকে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দল-মত নির্বিশেষে প্রতিষ্ঠানের উন্নয়নই হবে আমাদের মূল লক্ষ্য। সভাপতি হিসেবে আমি সব সময় প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকান্ডের পাশে থাকব।”
তিনি আরও বলেন, “এই মাদ্রাসায় উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে অনার্স বিভাগ চালুর বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি। তারা ইতিবাচক আশ্বাস দিয়েছেন। আশা করছি, অচিরেই ঊর্ধ্বতন কর্মকর্তারা মাদ্রাসা পরিদর্শনে এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।”
স্থানীয় শিক্ষাবিদ, অভিভাবক ও সচেতন মহলের মতে, প্রভাষক মোঃ জুলমত আলী একজন সুশিক্ষিত, জ্ঞানী, ভদ্র, সৎ ও মানবিক গুণাবলিসম্পন্ন ব্যক্তি হিসেবে এলাকায় সুপরিচিত। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। একজন দক্ষ শিক্ষাবিদ হিসেবে তিনি শুধু শ্রেণিকক্ষেই নয়, সামাজিক কর্মকান্ডেও ইতিবাচক ভূমিকা পালন করে আসছেন।
এলাকাবাসীর বিশ্বাস, তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা, সততা ও দূরদর্শী নেতৃত্বে বাহারুল উলুম কামিল মাদ্রাসা শিক্ষা, শৃঙ্খলা ও অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে নতুন উচ্চতায় পৌঁছাবে। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে একটি সুন্দর সমন্বয় গড়ে তুলে প্রতিষ্ঠানটিকে আরও সমৃদ্ধ ও আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে তিনি সফল হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে সভাপতি প্রভাষক মোঃ জুলমত আলী সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করে মাদ্রাসা প্রাঙ্গণ ত্যাগ করেন। তাঁর আগমন ও দিকনির্দেশনাকে ঘিরে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।












