খুলনায় লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস উদযাপিত
পত্রদূত ডেস্ক: লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে অসাম্প্রদায়িকতা, মানবপ্রেম ও লালন শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান খুলনা জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয়েছে।
খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার ম-ল, সহকারী পুলিশ সুপার মো. আজিজুর রহমান খান ও কেএমপির এডিসি অমিত বর্মন। এতে মূল আলোচক ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক আব্দুল মান্নান এবং স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার মো. রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, বাউল সাধক লালন সাঁইজি ছিলেন মানবতার প্রতীক। তাঁর জাত-পাতহীন মানবতাবাদী দর্শন ও গান সমাজকে অসাম্প্রদায়িক চেতনা এবং সঠিক পথের দিশা দেয়। নতুন প্রজন্মের কাছে এই জীবনদর্শন ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
আলোচনা সভার আগে খুলনা রেলওয়ে স্টেশন থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন স্তরের মানুষ ও লালন ভক্তরা অংশ নেন।






