গাবুরায় সুন্দরবন সুরক্ষায় শিক্ষার্থীদের ‘আর্থস্কাউট’ ক্যাম্পেইন
রনজিত বর্মন, সুন্দরবনাঞ্চল (শ্যামনগর): জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরায় শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো ‘আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন’। বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রোববার (১০ মে) চাঁদনীমুখা পরিজান আলিম মাদ্রাসায় এই ব্যতিক্রমী আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ডটিম।
জিআইজেড-এর অর্থায়নে এবং মাদ্রাসার আর্থস্কাউট সদস্যদের বাস্তবায়নে দিনভর এই ক্যাম্পেইন চলে। কর্মসূচির শুরুতে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও বন বিভাগের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
এরপর শিক্ষার্থীদের মধ্যে সুন্দরবন বিষয়ক চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সুন্দরবন সংরক্ষণের গুরুত্ব ও বন্যপ্রাণী রক্ষার ওপর বিশেষ ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। মাদ্রাসার অধ্যক্ষ মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন বিভাগের কাটেশ্বর অফিসের ফরেস্টার মো. গোলাম কিবরিয়া। তিনি বলেন, “সুন্দরবন আমাদের প্রাকৃতিক ঢাল। এই বন বাঁচলে আমরা বাঁচব। তাই ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের বনের প্রতি মমত্ববোধ তৈরি করতে হবে।”
আর্থস্কাউট সদস্য ও মাদ্রাসার শিক্ষার্থী মুনতাহিনা মিম্মার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেনÑবন কর্মকর্তা মো. মাসুদ মোল্লা, সিনিয়র শিক্ষক এস কে আব্দুর রশিদ, ওয়াইল্ডটিম কর্মকর্তা আলী হোসেন মোহাম্মদ, মো. মুজিবুল ইসলাম প্রমুখ।
বক্তারা সুন্দরবনের বৃক্ষরাজি, বাঘসহ বন্যপ্রাণী ও মৎস্য সম্পদ রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। তারা স্থানীয় জনপদকে সুন্দরবন সুরক্ষায় অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মো. আবু তালেব ও মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানের শেষ পর্বে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও বিশেষ টি-শার্ট তুলে দেওয়া হয়।



