চটকদার সাংবাদিকতা সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে
প্রকাশ ঘোষ বিধান
চটকদার সাংবাদিকতা সমাজ, রাষ্ট্র ও সাংবাদিকতা পেশার ওপর গভীর নেতিবাচক প্রভাব ফেলছে। বর্তমান ডিজিটাল যুগে ভিউ ও ক্লিক বাড়ানোর প্রতিযোগিতায় গণমাধ্যমের একাংশ বাণিজ্যিক স্বার্থকে প্রাধান্য দিয়ে সাংবাদিকতার মূলনীতি থেকে সরে যাচ্ছে। সত্য ও জনস্বার্থের পরিবর্তে চটকদার শিরোনাম, অতিরঞ্জিত সংবাদ, কৃত্রিম বিতর্ক এবং বিভ্রান্তিকর তথ্য উপস্থাপনের প্রবণতা বাড়ছে।
চটকদার সাংবাদিকতা বা সেনসেশনালিজম গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ও সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ন করছে। কোনো কোনো ক্ষেত্রে সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাইয়ের পরিবর্তে দ্রুত সংবাদ প্রচার এবং আকর্ষণীয় শিরোনাম তৈরির প্রতিযোগিতা চলছে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর ভিডিও ও বিকৃত তথ্যও সংবাদ হিসেবে প্রচারিত হচ্ছে। এতে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং প্রকৃত তথ্য আড়ালে থেকে যাচ্ছে।
বর্তমানে বিভিন্ন গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে জনস্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়ের তুলনায় আলোচিত ব্যক্তিদের ব্যক্তিগত জীবন, বিতর্ক কিংবা আদালতের খুঁটিনাটি নিয়ে অতিরিক্ত মাতামাতি দেখা যায়। ক্লিকবাইট শিরোনাম, সংবেদনশীল স্থানে সাংবাদিকদের অযাচিত ভিড় এবং দায়িত্বজ্ঞানহীন সরাসরি সম্প্রচারও সাধারণ মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে।
চটকদার বিনোদন, তারকাদের ব্যক্তিগত জীবন কিংবা অপ্রয়োজনীয় বিতর্ককে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার ফলে দেশের মৌলিক সমস্যাগুলো অনেক সময় প্রচারের আড়ালে চলে যায়। অর্থনীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সংকটের মতো গুরুত্বপূর্ণ বিষয় পর্যাপ্ত গুরুত্ব পায় না। অথচ এসব বিষয় মানুষের দৈনন্দিন জীবন ও রাষ্ট্রের ভবিষ্যতের সঙ্গে সরাসরি সম্পৃক্ত।
অতিমাত্রায় অতিরঞ্জিত ও ভিত্তিহীন সংবাদ প্রচারের ফলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক ও পারিবারিক মর্যাদা ক্ষুণ্ন হয়। বিশেষ করে বিচারাধীন বিষয়ে একতরফা প্রচার বা তথাকথিত মিডিয়া ট্রায়াল একজন ব্যক্তিকে বিচারিক প্রক্রিয়া শেষ হওয়ার আগেই জনমনে অপরাধী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। এতে নিরপরাধ ব্যক্তিরাও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হন। কারও ব্যক্তিগত জীবন, পারিবারিক সংকট কিংবা অপ্রয়োজনীয় বিতর্ককে সংবাদে পরিণত করার ক্ষেত্রে ব্যক্তিগত গোপনীয়তা ও মানবিক মর্যাদার বিষয়টি বিবেচনায় রাখা জরুরি।
সাংবাদিকতা যখন লোভী বা স্বার্থান্বেষী মহলের প্রভাবে পরিচালিত হয়, তখন পেশাদার সাংবাদিকদের মর্যাদাও ক্ষুণ্ন হয়। বাণিজ্যিক মুনাফা কিংবা বিশেষ মহলের স্বার্থ রক্ষায় অনেক সময় গুরুত্বপূর্ণ তথ্য আড়াল করা হয়। ক্ষমতাবানদের তোষণ এবং প্রভাবশালীদের স্বার্থে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ বাধাগ্রস্ত হলে প্রকৃত অনিয়ম ও দুর্নীতি জনসমক্ষে আসার সুযোগ কমে যায়। এতে জবাবদিহি ও সুশাসন প্রতিষ্ঠার পথও বাধাগ্রস্ত হয়।
ভিউ ও জনপ্রিয়তা বাড়ানোর উদ্দেশ্যে কোনো কোনো ক্ষেত্রে কৃত্রিম উত্তেজনা, পারস্পরিক বিরোধ কিংবা সাম্প্রদায়িক বিভাজন উসকে দেওয়ার মতো সংবাদ পরিবেশন করা হয়। এ ধরনের দায়িত্বহীন প্রচার সামাজিক সম্প্রীতি নষ্ট করতে পারে এবং সংঘাতের পরিবেশ তৈরি করতে পারে। একই সঙ্গে অশালীনতা, ঔদ্ধত্য ও ভিত্তিহীন বিতর্ককে জনপ্রিয়তার মাপকাঠি হিসেবে উপস্থাপন করায় তরুণ প্রজন্মের মধ্যে নেতিবাচক মূল্যবোধ বিস্তারের আশঙ্কা তৈরি হচ্ছে।
সাংবাদিকতার মূল দায়িত্ব হলো সত্য তথ্য তুলে ধরা, জনস্বার্থ রক্ষা করা এবং ক্ষমতাসীন ও প্রভাবশালী মহলের জবাবদিহি নিশ্চিত করতে ভূমিকা রাখা। কিন্তু ব্যক্তিগত কুৎসা, অপ্রয়োজনীয় বিতর্ক ও বিনোদনকে অতিরিক্ত গুরুত্ব দিলে মূলধারার সাংবাদিকতার প্রতি মানুষের আস্থা কমে যায়। অপরাধ কিংবা তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে অতিরঞ্জিত প্রচার অসুস্থ ও কুরুচিপূর্ণ সংস্কৃতিকেও স্বাভাবিক করে তুলতে পারে।
চটকদার সাংবাদিকতা শুধু গণমাধ্যমের ভাবমূর্তিই ক্ষুণ্ন করে না, সমাজের চিন্তাভাবনা, মূল্যবোধ ও পারস্পরিক সম্পর্কের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। তাই সুস্থ ও দায়িত্বশীল সমাজ বিনির্মাণে গণমাধ্যমকে ভিউ ও ক্লিকের প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসতে হবে। তথ্য যাচাই, বস্তুনিষ্ঠতা, নৈতিকতা ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাংবাদিকতার মৌলিক আদর্শে ফিরে আসাই এখন সময়ের দাবি।
লেখক: সাংবাদিক ও কলামিস্ট।









