চার দিনের ব্যবধানে খোলপেটুয়ায় আবারও জেলের জালে ৯ কেজির কোরাল
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার খোলপেটুয়া নদীতে মাত্র চার দিনের ব্যবধানে আবারও এক জেলের জালে বড় আকারের কোরাল মাছ ধরা পড়েছে। বৃহস্পতিবার রাতে আশাশুনি উপজেলার কাপসন্ডা গ্রামের বাসিন্দা রবিউল ইসলাম গাজী ৯ কেজি ওজনের এই মাছটি ধরেন।
পেশায় দিনমজুর রবিউল ইসলাম বছরের প্রায় ছয় মাস দেশের বিভিন্ন জেলায় কাজের সন্ধানে থাকেন। বাকি সময় খোলপেটুয়া নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। রবিউল ইসলাম জানান, চলতি বছরে নদী থেকে তিনি বেশ কয়েকটি বড় মাছ পেয়েছেন। এর আগে গত ৩১ মে তাঁর জালে ১২ কেজি ওজনের একটি বড় ভেটকি (কোরাল) মাছ ধরা পড়েছিল। অল্প সময়ের ব্যবধানে পরপর দুটি বড় মাছ পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত।
কাপসন্ডা বাজারের মৎস্য ব্যবসায়ী আমিরুল ইসলাম জানান, রবিউল ইসলামের ধরা মাছগুলো পাইকারি বিক্রির জন্য আড়তে আনা হয়। গত ৩১ মে ধরা পড়া ১২ কেজি ওজনের মাছটি প্রতি কেজি ১ হাজার ১০০ টাকা দরে বিক্রি হলেও, গতকালের ৯ কেজির কোরাল মাছটি প্রতি কেজি ১ হাজার টাকা দরে বিক্রি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের মতে, খোলপেটুয়া নদীতে এখনও বড় আকারের সুস্বাদু দেশীয় মাছ পাওয়া যায়। মাঝে মাঝেই জেলেদের জালে এমন বড় মাছ ধরা পড়ার খবর বাজারে ক্রেতা ও উৎসুক জনতার মধ্যে ব্যাপক সাড়া ফেলে। ধারাবাহিকভাবে বড় মাছ পাওয়ার এই ঘটনা নদীকেন্দ্রিক জীবিকার সঙ্গে যুক্ত স্থানীয় জেলেদের মনে নতুন আশার সঞ্চার করেছে।









