জলবায়ু সংকটে নারী ও তরুণদের সম্পৃক্ত করার আহ্বান
সংবাদদাতা: উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের ধাক্কা সবচেয়ে বেশি আসে নারী ও শিশুদের ওপর। এই সংকট মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও এনজিওর সমন্বিত প্রচেষ্টায় যুব সমাজ ও নারীদের নেতৃত্বকে সামনে এনে একটি টেকসই ও জেন্ডার সংবেদনশীল সুরক্ষা পরিকল্পনা বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। মঙ্গলবার (১৯ মে) সকালে সাতক্ষীরায় ‘নারী ও যুব নেতৃত্বের অংশগ্রহণে জলবায়ু সহনশীলতা, অভিযোজন, সুরক্ষা ও কর্মপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘হেড’ (হিউম্যান রাইটস অ্যান্ড এনভারমেন্টাল অ্যাকশন ডেভেলপমেন্ট)-এর উদ্যোগে, ‘ক্লাইমেট জাস্টিস রেজিলিয়েন্স ফান্ড’ ও ‘সম্প্রীতি এইড ফাউন্ডেশন’-এর সহযোগিতায় উপজেলা ডিজিটাল হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সুশীলনের সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অর্ণব দত্ত। বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, শহর সমাজসেবা অফিসার মোর্শেদুল হক, সাতক্ষীরা পৌরসভার সাবেক প্যানেল মেয়র শফি-উদ-দৌলা সাগর, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত প্রমুখ।









