মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে কয়রায় সাংবাদিকদের মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ
খুলনা প্রেসক্লাবে হামলার প্রতিবাদে কয়রায় সাংবাদিকদের মানববন্ধন

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনা প্রেসক্লাবে ঢুকে কর্মরত সাংবাদিকদের ওপর বহিরাগত সন্ত্রাসীদের হামলা ও হুমকির প্রতিবাদে খুলনার কয়রায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে কয়রা প্রেসক্লাবের সামনে স্থানীয় সাংবাদিকরা এই কর্মসূচির আয়োজন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় এ ধরনের ন্যাক্কারজনক হামলা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি শুধু সাংবাদিকদের ওপর আক্রমণ নয়, বরং এটি গণমাধ্যমের কণ্ঠরোধ করার অপচেষ্টা এবং স্বাধীনতার ওপর চরম আঘাত। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা না হলে গণতন্ত্র ও সত্য প্রকাশের পথ বাধাগ্রস্ত হবে বলে তাঁরা হুঁশিয়ারি দেন।

কয়রা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি ও সমকাল প্রতিনিধি শেখ হারুন অর রশিদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন, প্রথম আলোর প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন, সহসভাপতি আবু বকর সিদ্দিক, মো. আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক নিতিশ সানা ও মোস্তাফিজ রহমান।

কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভি অনলাইনের প্রতিনিধি তরিকুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচিতে আরও অংশ নেন কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জি এম মোনায়েম, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক মোস্তফা রেজওয়ানুল করিম, নির্বাহী সদস্য শেখ সিরাজুদৌলা লিংকনসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

সমাবেশ থেকে সাংবাদিক নেতারা অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে মানববন্ধনে জানানো হয়।

 

 

Ads small one

আশাশুনিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ
আশাশুনিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর ২টায় উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে “সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” শ্লোগানকে সামনে রেখে র‌্যালি বের করা হয়। র‌্যালী শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, অধ্যক্ষ মুজিবর রহমান, একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান, প্রেস ক্লাব সভাপতি এস কে হাসান প্রমুখ আলোচনা রাখেন।

শ্যামনগরে সোয়া দুই টন নিষিদ্ধ শামুক আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ
শ্যামনগরে সোয়া দুই টন নিষিদ্ধ শামুক আটক

সুন্দরবনাঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কার্যালয় থেকে পাচারের উদ্দেশ্যে রাখা সোয়া দুই টন (২২৫০ কেজি) নিষিদ্ধ শামুক ও ঝিনুক জব্দ করেছে পুলিশ ও বন বিভাগ। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলা সদরের নকিপুর বাজারে এক যৌথ অভিযানে ৫০ বস্তা ভর্তি এই শামুক জব্দ করা হয়।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জ ও শ্যামনগর থানা পুলিশ কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালায়। সেখানে বস্তাভর্তি নিষিদ্ধ শামুকগুলো কক্সবাজারে পাঠানোর জন্য রাখা হয়েছিল।
সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মো. হানজালা নামের এক ব্যক্তি এসব শামুক কক্সবাজারের নূর আলম নামের এক ব্যক্তির কাছে পাঠানোর জন্য বুকিং করেছিলেন। বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০২৬-এর তফসিল অনুযায়ী এসব শামুক ও ঝিনুক আহরণ, পরিবহন ও বাণিজ্য সম্পূর্ণ নিষিদ্ধ।
বন কর্মকর্তা আরও জানান, জব্দ করা শামুকগুলো বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে। এই পাচার চেষ্টার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
স্থানীয়রা জানান, এর আগেও বেশ কয়েকবার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ এলাকা থেকে পাচারের সময় বিপুল পরিমাণ শামুক ও ঝিনুক জব্দ করেছিল বন বিভাগ। একটি অসাধু চক্র সুন্দরবন ও সংলগ্ন এলাকা থেকে এসব প্রাকৃতিক সম্পদ আহরণ করে দেশের বিভিন্ন প্রান্তে পাচার করে আসছে, যা উপকূলের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য চরম হুমকি।

বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিম সালিমউদ্দীন বহিস্কার

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ
বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিম সালিমউদ্দীন বহিস্কার

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিম সালিমউদ্দীনকে নানা অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাতের অভিযোগে বহিস্কার করা হয়েছে।
অভিযোগ রয়েছে, তিনি মনগড়া আইন ও নিয়মনীতিতে মাদ্রাসা চালিয়ে আসছিলেন। সম্প্রতি ছুটি না নিয়ে তিনি মাদ্রাসা প্রতিষ্ঠান ত্যাগ করেন। এবং গোপনে মাদ্রাসার জিনিস পত্র আত্মসাৎ করেন। এছাড়া মাদ্রাসা কমিটি ও দাতা সদস্যগনকে মাদ্রাসার আয় ব্যায়ের হিসাব না দিয়ে কেটে পড়েছেন। অফিসিয়াল মোবাইল ফোনের পরিবর্তে নিজের ব্যক্তিগত ফোন ব্যবহার করে বিভিন্ন স্থান থেকে অর্থ আত্মসাৎ করছেন বলে অভিযোগ তোলেন দাতা সদস্যগন। আনীত অভিযোগের ভিত্তিকে সোমবার বাদ এশা মাদ্রাসা চত্বরে ম্যানেজিং কমিটি সভার আয়োজন করে। মাদ্রাসার জমিদাতা ও প্রতিষ্ঠাতা মো. তমিজউদদীন গাজীর সভাপতিত্বে সভায় সর্ব সম্মতিক্রমে অভিযুক্ত মুহতামিম মাও. সালিমউদ্দীনকে মুহতামিম পদ হতে বহিষ্কার করা হয়। পরে মাদ্রাসার ম্যানেজিং কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়। এবং জমি দাতা সদস্যগণের মধ্যে অন্যতম সদস্য ও প্রতিষ্ঠাতা তমিজউদ্দীন গাজীকে সভাপতি করার প্রস্তাব হলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়। নতুন কমিটি আগামী মাসিক সভার মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। সদ্য ঘোষিত মাদ্রাসা পরিচালনা কমিটি, দাতা সদস্যগন ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের সিদ্ধান্তমতে বুধহাটা দারুল উলুম মাদ্রাসায় দান, যাকাত,ফিতরা, মান্নত ইত্যাদি বিষয়ে ০১৭৮০৩০৭৯৩০ অফিসিয়াল নম্বরে যোগাযোগ করতে এবং বহিস্কৃত মাও. সালিমউদ্দীন এর সাথে মাদ্রাসার বিষয়ে যোগাযোগ না করার জন্য অভিভাবক ও দাতাগনকে অনুরোধ জানান ম্যানেজিং কমিটি। সভায় সর্বসম্মতিক্রমে ও নতুন কমিটির সিদ্ধান্ত মতে মাওঃ মোঃ আমজাদ হোসেনকে নতুন মুহতামিম হিসেবে নিয়োগ দেওয়া হয়। সবশেষে দোয়ানুষ্ঠানের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।