জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা
সংবাদদাতা: সাতক্ষীরা জেলায় ইটভাটাসহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ খাতে শিশুশ্রম বন্ধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ শ্রম থেকে শিশুদের প্রত্যাহার করে তাদের পুনর্বাসন ও শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, খুলনার যৌথ আয়োজনে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাউসার আজিজ। এ সময় কমিটির সদস্য ও বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা সাতক্ষীরা জেলার শিশুশ্রমের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
বক্তারা বলেন, বাংলাদেশ সরকার ২০২৫ সালের মধ্যে দেশ থেকে সব ধরনের ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে বদ্ধপরিকর। সাতক্ষীরা জেলায় অনানুষ্ঠানিক খাত, বিশেষ করে বিভিন্ন কলকারখানা, গ্যারেজ, হোটেল-রেস্তোরাঁ এবং কৃষিকাজে নিযুক্ত শিশুদের সুরক্ষায় নিয়মিত পরিদর্শন ও তদারকি বাড়াতে হবে। শুধু আইন প্রয়োগ করে শিশুশ্রম পুরোপুরি বন্ধ করা সম্ভব নয় উল্লেখ করে বক্তারা বলেন, দরিদ্র পরিবারগুলোকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এনে আর্থিক সহায়তা প্রদান এবং সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। পাশাপাশি পথশিশু ও এতিম শিশুদের সরকারি শিশু পরিবার ও পুনর্বাসন কেন্দ্রে দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করার তাগিদ দেওয়া হয়। সভায় জেলা তথ্য কর্মকর্তা, জেলা সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধি, সিভিল সার্জন প্রতিনিধি, জেলা শিক্ষা অফিসার, বিভিন্ন এনজিও ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।









