ট্রাম্পের নৌ-অবরোধের হুমকিকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললো স্পেন
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকিকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বলে অভিহিত করেছে স্পেন। দেশটির প্রতিরক্ষামন্ত্রী মারগারিতা রোবেলস এই হুঁশিয়ারির তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এমন পদক্ষেপের কোনও মানে হয় না।
সোমবার স্প্যানিশ সম্প্রচারমাধ্যম টিভিই-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোবেলস বলেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সবকিছুই কাণ্ডজ্ঞানহীনভাবে চলছে। কেউ জানে না কেন এই যুদ্ধ শুরু হয়েছিল। অথচ বলা হয়েছিল এটি দ্রুত শেষ হবে। এটি মূলত একটি নিম্নগামী সর্পিল গতির নতুন অধ্যায়, যার মধ্যে আমাদের টেনে হিঁচড়ে নামানো হয়েছে এবং তারা পুরো বিশ্বকেও এর মধ্যে টেনে নামানোর চেষ্টা করেছে।
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের নেতৃত্বাধীন স্পেন সরকার শুরু থেকেই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়ে ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে সোচ্চার সমালোচক হিসেবে হাজির হয়েছে।
ন্যাটো সদস্য হওয়া সত্ত্বেও চলতি মাসের শুরুর দিকে দেশটি ঘোষণা করেছিল যে, ইরানের যুদ্ধে ব্যবহৃত মার্কিন বিমানগুলোর জন্য স্পেনের আকাশসীমা বন্ধ থাকবে। এ ছাড়া দক্ষিণ স্পেনে যৌথভাবে পরিচালিত সামরিক ঘাঁটিগুলোও এই যুদ্ধের কাজে ব্যবহার করতে যুক্তরাষ্ট্রকে অনুমতি দেয়নি মাদ্রিদ।
সূত্র: এপি












