সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

তালায় অনগ্রসর জনগোষ্ঠীর বয়স্ক ভাতা নিয়ে গণশুনানি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ
তালায় অনগ্রসর জনগোষ্ঠীর বয়স্ক ভাতা নিয়ে গণশুনানি

তালা প্রতিনিধি: তালায় অনগ্রসর জনগোষ্ঠীর বয়স্ক ভাতা পাওয়ার অধিকার বিষয়ে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ২৮ সেপ্টেম্বর সকালে তালাস্থ ভূমিজ ফাউন্ডেশন কার্যালয় চত্বরে এ শুনানি অনুষ্ঠিত হয়। ‘ভূমিজ ফাউন্ডেশন’-এর বাস্তবায়নে ও ‘মানুষের জন্য ফাউন্ডেশন’-এর সহযোগিতায় পরিচালিত ‘সমতার জন্য লড়ি’ (সজল) প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

সভায় সভাপতিত্ব করেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা এবং প্রধান অতিথি ছিলেন তালা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফারুক, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ আলী ও সংশ্লিষ্ট ইউনিয়ন সমাজকর্মীরা।

গণশুনানিতে শতাধিক অনগ্রসর জনগোষ্ঠীর প্রতিনিধি অংশ নিয়ে তাঁদের নানা সমস্যার কথা তুলে ধরেন। সমাজসেবা কর্মকর্তা ও অতিথিরা তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বিশেষ ভাতা পাওয়ার প্রক্রিয়া ত্বরান্বিত করার আশ্বাস দেন।

Ads small one

গুগলে জেমিনির ব্যবহারকারী মাসে ১০০ কোটি

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ণ
গুগলে জেমিনির ব্যবহারকারী মাসে ১০০ কোটি

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অ্যাসিস্ট্যান্ট জেমিনি মাসে ১০০ কোটির বেশি ব্যবহারকারীর মাইলফলক অর্জন করেছে। প্রযুক্তি প্রতিষ্ঠানটির এআই বিভাগে বড় ধরনের পুনর্গঠনের এক সপ্তাহ পর মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুন্দর পিচাই। খবর এএফপির।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পিচাই লিখেছেন, ‘গুগলের ১৪তম পণ্য হিসেবে এটি ইতিহাসে সবচেয়ে দ্রুত বেড়ে ওঠা আমাদের সেবা বা পণ্য’ যা ১০০ কোটি ব্যবহারকারীর মাইলফলক অর্জন করেছে।

গুগলের পুরো ইকোসিস্টেমে কতজন জেমিনি অ্যাপ ব্যবহার করছেন, সেই হিসাবের ভিত্তিতে এই সংখ্যা নির্ধারণ করা হয়েছে। এ মাইলফলক এআই বিভাগে বড় ধরনের পরিবর্তনের মধ্যেও গুগলের জন্য গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।

রসায়নে নোবেল পুরস্কার পাওয়া ডেমিস হাসাবিস সম্প্রতি গুগল ডিপমাইন্ডের দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। গুগল ডিপমাইন্ডের এই গবেষণাগারেই জেমিনি মডেল তৈরি করা হয়। এ ছাড়া প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন শীর্ষ গবেষকও চলে গেছেন। তাঁদের মধ্যে রয়েছেন জেফ ডিন, যিনি প্রায় তিন দশক ধরে প্রতিষ্ঠানটির প্রকৌশল কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

গুগলের নতুন প্রধান মডেল জেমিনি ৩.৫ প্রো জুনে উন্মোচনের কথা থাকলেও এখনো প্রকাশ করা হয়নি। এরই মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী বেশ কয়েকটি মডেল বাজারে এনেছে। বিশেষ করে কম্পিউটার কোড তৈরি বা কোডিং এখন এআই খাতের সবচেয়ে বেশি আয় করা ক্ষেত্রগুলোর একটি হওয়ায় সেখানে প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে।

প্রযুক্তিগত দিক থেকে কিছুটা পিছিয়ে থাকলেও গুগলের বড় শক্তি হলো এর বিশাল ব্যবহারকারীভিত্তি। প্রতিষ্ঠানটি সার্চ, জিমেইল, গুগল ম্যাপস ও ইউটিউবসহ নিজেদের বিভিন্ন সেবায় জেমিনি এআই যুক্ত করছে।

এদিকে জুলাই মাসে ওপেনএআই জানিয়েছিল, চ্যাটজিপিটির নেতৃত্বে তাদের বিভিন্ন ইন্টারফেস মিলিয়ে ব্যবহারকারীর সংখ্যা এক বিলিয়নে পৌঁছেছে। তবে এই সংখ্যা মাসিক নাকি সাপ্তাহিক ব্যবহারকারীর, তা নির্দিষ্ট করে জানানো হয়নি।

সান ফ্রান্সিসকোভিত্তিক এআই প্রতিষ্ঠানটি ২০২২ সালের নভেম্বরে বিনামূল্যে চ্যাটজিপিটি চালুর মাধ্যমে বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার জনপ্রিয়তায় বড় ধরনের পরিবর্তন আনে। এর ফলে চার বছরেরও কম সময়ে শূন্য থেকে প্রতিষ্ঠানটি বিশাল ব্যবহারকারী গোষ্ঠী গড়ে তুলেছে।

ব্যবহারকারীর সংখ্যা-সংক্রান্ত প্রতিটি পরিসংখ্যানই ভবিষ্যতে শেয়ারবাজারে তালিকাভুক্তির (আইপিও) মাধ্যমে ওপেনএআই যে মূল্যায়ন অর্জন করতে চায়, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি জুনে গোপনে আইপিওর আবেদন জমা দিয়েছে।

ছেলে আব্রামের জন্মদিনে কক্সবাজারে অপু বিশ্বাস

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১২ পূর্বাহ্ণ
ছেলে আব্রামের জন্মদিনে কক্সবাজারে অপু বিশ্বাস

আব্রাম খান জয় দশ বছরে পা দিয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস ও চিত্রনায়ক শাকিব খানের একমাত্র সন্তান। ছেলের বিশেষ এই দিনটিকে ঘিরে তাই আয়োজনের কমতি রাখেননি মা অপু। জন্মদিনের শুভেচ্ছা, আবেগ আর ভালোবাসার পর এবার ছেলেকে নিয়ে সমুদ্রের শহর কক্সবাজারে উড়াল দিয়েছেন এই চিত্রনায়িকা। জন্মদিনের আনন্দকে আরও রঙিন করতেই মা-ছেলের এই বিশেষ ভ্রমণ।

সামাজিক যোগাযোগমাধ্যমে কক্সবাজার যাত্রার একটি ছবিও শেয়ার করেছেন অপু বিশ্বাস। ছবিতে একটি উড়োজাহাজের সামনে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা যায় মা ও ছেলেকে। অপুর পরনে ছিল গোলাপি রঙের কাজ করা সালোয়ার-কামিজ, চোখে রোদচশমা। অন্যদিকে জয়ের পরনে ছিল কালো টি-শার্ট ও প্যান্ট। চোখে রোদচশমার পাশাপাশি মুখে কালো মাস্ক পরা ছিল তার। ছবিটি শেয়ার করে ভালোবাসার ইমোজি জুড়ে অপু বিশ্বাস লিখেছেন, ‘ফ্লাই টু কক্সবাজার, আব্রাম খান জয় বার্থডে স্পেশাল ট্রিপ।’

এর আগে রোববার জন্মদিনের প্রথম প্রহরেই ছেলেকে নিয়ে আবেগঘন একটি পোস্ট দেন অপু বিশ্বাস। জয়ের সঙ্গে তোলা কয়েকটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ, যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’

জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন তার বাবা চিত্রনায়ক শাকিব খানও। কালো কটি ও পাঞ্জাবি পরা জয়ের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’

২০০৮ সালে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ক্যারিয়ারের কথা বিবেচনা করে দীর্ঘদিন নিজেদের বিয়ের খবর গোপন রেখেছিলেন তারা। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় তাদের ছেলে আব্রাম খান জয়।

পরবর্তী সময়ে ২০১৭ সালের ১০ এপ্রিল ছেলেকে সঙ্গে নিয়ে একটি টেলিভিশন চ্যানেলের সরাসরি অনুষ্ঠানে হাজির হন অপু বিশ্বাস। সেখানেই শাকিব খানের সঙ্গে নিজের বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন তিনি। এ ঘটনা সে সময় দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

বাবা-মায়ের তারকাখ্যাতির কারণে জন্মের পর থেকেই আলোচনায় রয়েছে আব্রাম খান জয়। সময়ের সঙ্গে সঙ্গে তার জন্মদিনও হয়ে উঠেছে ভক্তদের আগ্রহের একটি বিষয়। এবার দশম জন্মদিনে সেই উদযাপনে নতুন মাত্রা যোগ করল অপু-জয়ের কক্সবাজার সফর।

 

প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ণ
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক একটি কোম্পানির কেরালা বংশোদ্ভূত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তার কর্মীদের ব্র্যান্ড নিউ আইফোন উপহার দেওয়ার একটি ভিডিও শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন। বর্তমানে ভাইরাল হওয়া ইনস্টাগ্রাম ক্লিপটিতে দেখা যায়, কোম্পানির মালিক নিশাদ হুসেন টেবিলের ওপর সাজানো মোড়কবন্দী উপহারের বাক্সগুলো থেকে যেকোনও একটি বেছে নেওয়ার সুযোগ করে দিচ্ছেন কর্মীদের।

ভিডিওর শুরুতে দেখা যায়, কর্মীরা উপহার নেওয়ার আগে হুসেন কিছু নির্দেশনা দিচ্ছেন। কর্মীরা বাক্স খুললে কেউ কেউ ভেতরে আইফোন পান, আবার কারও ভাগ্যে জোটে কেবল চকোলেট বার। যখন মনে হচ্ছিল কিছু কর্মী কম সৌভাগ্যবান প্রমাণিত হয়েছেন, ঠিক তখনই আরেক কর্মী এসে যাদের কেবল চকোলেট জুটেছিল, তাদের হাতে আইফোন তুলে দেন।

প্রতিষ্ঠানের অগ্রগতিতে কর্মীদের অবদান তুলে ধরে নিশাদ বলেন, তাদের উৎসর্গ এবং যৌথ শক্তির কারণেই কোম্পানি আজ এই পর্যায়ে আসতে পেরেছে।

ইনস্টাগ্রামে ভিডিওটির ক্যাপশনে নিশাদ লিখেছেন, ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আমি বিশ্বাস করি, প্রকৃত সাফল্য আসে আমাদের কর্মীদের নিষ্ঠা, ইতিবাচক মনোভাব এবং সম্মিলিত শক্তি থেকে! প্রতিটি প্রচেষ্টা, প্রতিটি ধারণা এবং প্রতিটি অবদান আমাদের সামনে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে!

চীনা বন্ধুত্বের বার্তা নিয়ে যুক্তরাষ্ট্রে হাজির দুই পান্ডাচীনা বন্ধুত্বের বার্তা নিয়ে যুক্তরাষ্ট্রে হাজির দুই পান্ডা
তিনি আরও বলেন, আমি আপনাদের প্রত্যেককে আপনাদের সম্ভাবনার ওপর বিশ্বাস রাখতে, বেড়ে ওঠার প্রতিটি সুযোগ লুফে নিতে এবং একে অপরকে সমর্থন করে যাওয়ার আহ্বান জানাই! আসুন আমরা আমাদের মান উন্নত করতে থাকি, আত্মবিশ্বাসের সঙ্গে চ্যালেঞ্জগুলোর মোকাবিলা করি এবং আরও বড় অর্জনের জন্য একসঙ্গে চেষ্টা চালিয়ে যাই! আমাদের শক্তি হলো আমাদের মানুষ এবং আমাদের সম্ভাবনা অসীম!

এদিকে ভিডিওটি ২৪ লাখেরও বেশি ভিউ কুড়িয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীরা কর্মীদের প্রতি এমন উদারতার জন্য কোম্পানির মালিককে ব্যাপকভাবে প্রশংসা করেছেন। অনেকেই মজা করে বলেছেন যে তারা এই ফার্মে যোগ দিতে আগ্রহী। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, আমার বস বলছেন এটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)। অন্য একজন যোগ করেছেন, কোনও খালি পদ আছে কি? আমিও এই কোম্পানিতে যোগ দিতে চাই। রসিকতা বাদ দিয়ে বলছি, এটি সত্যিই একটি চমৎকার উদ্যোগ।

সূত্র: এনডিটিভি