মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

তালায় কৃষি ও সেচ উন্নয়নে খাল খনন কার্যক্রম শুরু

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
তালায় কৃষি ও সেচ উন্নয়নে খাল খনন কার্যক্রম শুরু

চীফ রিপোর্টার: তালা উপজেলার জালালপুর ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও পানি ব্যবস্থাপনা পরিকল্পনার অংশ হিসেবে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর রাজস্ব বাজেটের আওতায় সেচ ও নিকাশ কাঠামো মেরামত ও সংরক্ষণ প্রকল্পের অধীনে এই কাজ বাস্তবায়িত হচ্ছে। গত বুধবার (১৩ মে) এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ এস এম তারিকুল হাসান খান আনুষ্ঠানিকভাবে এই খননকাজের উদ্বোধন করেন। জেঠুয়া-কানাইদিয়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অধীনে বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় জেঠুয়া ঘের খালের ১ হাজার ৩৮০ মিটার এবং দুধের খালের ৭৪০ মিটার পুনঃখনন করা হচ্ছে। খননকাজে স্থানীয় শ্রমিকদের সমন্বয়ে গঠিত ‘লেবার কন্ট্রাক্টিং সোসাইটি’ (এলসিএস) নিয়োজিত রয়েছে।

এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ এস এম তারিকুল হাসান খান দৈনিক পত্রদূতকে বলেন, “একসময় খাল ছিল গ্রামীণ অর্থনীতির প্রাণশক্তি। এসব খাল পুনঃখননের ফলে কৃষিতে সেচ সুবিধা বাড়বে, মৎস্য চাষের সুযোগ সৃষ্টি হবে এবং স্থানীয় জনগণের কর্মসংস্থান হবে।” জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু মনে করেন, খাল দুটি খননের ফলে বর্ষা মৌসুমে দ্রুত পানি নিষ্কাশন সম্ভব হবে এবং জলাবদ্ধতা থেকে রক্ষা পাবে ফসলি জমি। এতে স্থানীয় কৃষিতে ইতিবাচক প্রভাব পড়বে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা সহজ হবে।
উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ হালদার জানান, পর্যায়ক্রমে তালা উপজেলার প্রতিটি ইউনিয়নেই প্রয়োজন অনুযায়ী খাল খনন কার্যক্রম সম্প্রসারণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলজিইডির সার্ভেয়ার মো. সালাম হোসেন, কমিউনিটি অর্গানাইজার সুমন কুমার নাগ এবং সমিতির সভাপতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

 

 

 

Ads small one

‘ফার্মের মুরগি’ মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
‘ফার্মের মুরগি’ মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ

শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ মন্তব্য করার বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিত নয় উল্লেখ করে জাতীয় সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় সংসদের বাজেট অধিবেশনে দুঃখ প্রকাশ করেন তিনি।
মন্ত্রী বলেন, আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। আমি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে কিছু বলিনি। তারপরও কেউ যদি আহত হয়ে থাকেন, আমি দুঃখ প্রকাশ করছি।

মঙ্গলবার (১৪ জুলাই) বিকাল সোয়া ৫টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে মিছিল নিয়ে সংসদ ভবনের উদ্দেশে রওনা দেন শিক্ষার্থীরা। সন্ধ্যা ৬টার দিকে তারা সংসদ ভবনের মূল ফটকে পৌঁছে অবস্থান নেন।

এর আগে, বিকাল ৫টার দিকে সায়েন্সল্যাবে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন তিন দফা দাবি ঘোষণা করেন। তিনি বলেন, সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার ‘অসংগতিপূর্ণ’ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।

তিনি আরও বলেন, গত ১৩ জুলাই বৈরী আবহাওয়ার মধ্যে যারা পরীক্ষা দিয়েছেন এবং যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের কথা বিবেচনা করে ওই দিনের পরীক্ষা পুনরায় নিতে হবে। একই সঙ্গে পরদিনের পরীক্ষা স্থগিত করে নতুন পরীক্ষার রুটিন প্রকাশ এবং প্রশ্নপত্রের মান শিক্ষার্থীবান্ধব করার দাবি জানান তিনি।

বিকাল পৌনে ৪টার দিকে শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে দ্বিতীয় দফায় অবস্থান নিলে মিরপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

এরশাদের অবদান ইতিহাসে চিরস্মরণীয় থাকবে: আশরাফুজ্জামান আশু

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ
এরশাদের অবদান ইতিহাসে চিরস্মরণীয় থাকবে: আশরাফুজ্জামান আশু

নিজস্ব প্রতিনিধি: জাতীয় পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. আশরাফুজ্জামান আশু বলেছেন, হুসেইন মুহম্মদ এরশাদের অবদান দেশের ইতিহাস ও জনকল্যাণে চিরস্মরণীয় হয়ে থাকবে। বিশেষ করে উপজেলা ব্যবস্থা চালুর মাধ্যমে তিনি প্রশাসনকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিলেন এবং তাঁর রাষ্ট্রধর্ম ইসলামের ঘোষণা একটি ঐতিহাসিক সিদ্ধান্ত ছিল।

 

মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা শহরের কাটিয়া মাস্টারপাড়ায় জেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা জাতীয় পার্টি এই স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আনোয়ার জাহিদ তপনের সভাপতিত্বে সভায় আশরাফুজ্জামান আশু আরও বলেন, একসময় সাতক্ষীরাকে জাতীয় পার্টির ‘দ্বিতীয় রংপুর’ বলা হতো। সেই রাজনৈতিক ঐতিহ্য ফিরিয়ে আনতে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক মো. মশিউর রহমান বাবু, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট আলিফ হোসেন, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান বাপ্পি, সদর উপজেলা জাপার সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা জাপার অর্থ সম্পাদক শেখ আশরাফ আলী এবং পৌর জাপার সাধারণ সম্পাদক শেখ আবদুস সাদেক।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা তরুণ পার্টির আহ্বায়ক আবু ইয়াছিন। শেষে মরহুম এরশাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ কারী শেখ ফিরোজ আহম্মেদ।

 

ধুলিহরে ব্যবসায়ীর বাড়িতে চেতনা দিয়ে সকলকে অজ্ঞান করে সর্বস্ব লুট

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ
ধুলিহরে ব্যবসায়ীর বাড়িতে চেতনা দিয়ে সকলকে অজ্ঞান করে সর্বস্ব লুট

‎নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে চেতনানাশক স্প্রে করে পরিবারের সবাইকে অজ্ঞান করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ সর্বস্ব লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতে ধূলিহর সরদারবাড়ি এলাকার মুদি ব্যবসায়ী আশরাফুল আলম খোকনের বাড়িতে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন—ব্রহ্মরাজপুর বাজারের প্রবীণ ব্যবসায়ী শেখ রবিউল আলম (পুটু), তাঁর ছেলে আশরাফুল আলম খোকনসহ পরিবারের চার সদস্য।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল রাতেও পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা ঘরের ভেতরে চেতনানাশক ওষুধ স্প্রে করে দরজা ভেঙে ভেতরে ঢোকে। পরে তারা ঘরে থাকা নগদ প্রায় দুই লাখ টাকা, স্বর্ণের গহনা ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। আজ মঙ্গলবার সকালে প্রতিবেশীরা ওই বাড়িতে কোনো সাড়াশব্দ না পেয়ে খোঁজ নিতে যান। এ সময় তাঁরা ঘরের দরজা ভাঙা ও আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান এবং পরিবারের চার সদস্যকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন।

পরে স্থানীয় গ্রাম চিকিৎসক বিকাশ দেবনাথকে ডেকে তাঁদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, আশরাফুল আলমের মায়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে সাতক্ষীরা ইসলামী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো তাঁর জ্ঞান ফেরেনি। বাকিদের জ্ঞান ফিরেছে বলে জানা গেছে।

খবর পেয়ে স্থানীয় সুপারিঘাটা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, অপরাধীরা সমাজ ও দেশের শত্রু। এই চক্রটিকে শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে।