তালায় পুকুরের পানিতে ডুবে তিন বছরের শিশুর মৃত্যু
তালা প্রতিনিধি: তালা উপজেলার মহান্দী গ্রামে পুকুরের পানিতে ডুবে রাফসান হোসেন নামের তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামের প্রবাসী শেখ রাশেদ হোসেনের ছেলে।
রোববার দুপুরে নিজ বাড়ির পাশের পুকুরে পড়ে শিশুটি তলিয়ে যায়। নিহত শিশুর স্বজনেরা জানান, প্রবাসী শেখ রাশেদ হোসেন প্রায় দুই বছর ধরে সৌদী আরবে কর্মরত। দুই ভাই-বোনের মধ্যে রাফসান ছিল ছোট। দুপুরে অসাবধানতাবশত সে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে তার চাচা আলাউদ্দীন শেখ পুকুরে লাশ ভাসতে দেখে তা উদ্ধার করেন।
খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রফসর প্রণব ঘোষ বাবলু জানান, শিশুটির মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। রাতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটির দাফন সম্পন্ন হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তালা থানার পরিদর্শক (তদন্ত) মো. সাখাওয়াত হোসেন।












