তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে দেবহাটায় জনজীবন বিপর্যস্ত
Oplus_131072
কেএম রেজাউল করিম, দেবহাটা: জ্যৈষ্ঠের শুরুতেই তীব্র দাবদাহ ও ভ্যাপসা গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে সাতক্ষীরার দেবহাটা উপজেলার জনজীবন। প্রখর রোদ, বাতাসে অতিরিক্ত আর্দ্রতা আর সেই সঙ্গে ঘন ঘন লোডশেডিং মিলিয়ে নাজেহাল অবস্থায় পড়েছেন সব শ্রেণি-পেশার মানুষ। বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউ। দুপুর ১১টার পর থেকে বিকেল ৪টা পর্যন্ত রাস্তাঘাট ও বাজার এলাকায় মানুষের উপস্থিতি অনেকটাই কমে যাচ্ছে।
তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রমজীবী মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। এই তীব্র গরমে মাঠে কাজ করতে গিয়ে হাঁপিয়ে উঠছেন ইরি-বোরো মৌসুমের কৃষিশ্রমিকেরা। তৃষ্ণা মেটাতে অনেকেই রাস্তার পাশে তালের শাঁস, লেবুর শরবত ও ঠান্ডা পানি পান করছেন। স্থানীয় বাসিন্দারা জানান, দিনভর আগুনঝরা রোদের পর রাতেও তাপমাত্রা কমছে না, ফলে ঘরে-বাইরে কোথাও স্বস্তি মিলছে না।
উপজেলার বৃহত্তম গরুর হাট পারুলিয়ায় গিয়ে দেখা যায়, তীব্র গরমে ক্রেতা-বিক্রেতা ও হাটের শ্রমিকেরা চরম ভোগান্তিতে পড়েছেন। হাটের বিশিষ্ট গবাদিপশু ব্যবসায়ী মো. শফিকুল ইসলাম বলেন, “প্রচ- গরমের কারণে হাটে মানুষ অনেক কম আসছে। এই আবহাওয়ায় বেশিক্ষণ দাঁড়িয়ে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।”
পারুলিয়া হাটের ভ্যানচালক আলাউদ্দিন বলেন, “রাস্তা থেকে মনে হচ্ছে আগুনের বাতাস মুখে লাগছে। দুই-তিন ঘণ্টার বেশি ভ্যান চালাতে পারছি না।”
এদিকে অতিরিক্ত গরমের কারণে হিট স্ট্রোক, ডায়রিয়াসহ গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকেরা। বিশেষ করে শিশু ও বয়স্কদের এই সময়ে সাবধানে থাকার এবং প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।









