দেড় দশকেও সংস্কার হয়নি ফিংড়ীর সড়ক, কালভার্ট এখন ‘মরণফাঁদ’
জি এম আমিনুল হক: সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন পরিষদ থেকে ফয়জুল্লাহপুর মোড় পর্যন্ত দীর্ঘ চার কিলোমিটার সড়ক এখন এলাকাবাসীর কাছে আতঙ্কের নাম। গত ১৫ বছরেও সংস্কার না হওয়ায় সড়কটির পিচ ও খোয়া উঠে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সড়কের একমাত্র কালভার্টটি ভেঙে মাঝখানে বড় গর্ত তৈরি হওয়ায় এটি এখন ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, জনগুরুত্বপূর্ণ এই সড়কের কালভার্টটির অবস্থা অত্যন্ত নাজুক। ঢালাই খসে পড়ে রড বেরিয়ে গেছে এবং মাঝখানের ছিদ্র দিয়ে নিচের পানি দেখা যায়। প্রতিদিন ঝুঁকি নিয়ে এই কালভার্টের ওপর দিয়ে হাজারো মানুষ ও যানবাহন চলাচল করছে। যেকোনো সময় কালভার্টটি ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
ভুক্তভোগী এলাকাবাসী জানান, প্রায় দেড় দশক আগে সড়কটি পাকাকরণ করা হয়েছিল। এরপর আর কোনো সংস্কার কাজ হয়নি। অথচ এই সড়ক দিয়ে সাতক্ষীরা শহরসহ ধুলিহর ও ব্রহ্মরাজপুর বাজার হয়ে আশাশুনি, দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার ব্যবসায়ীরা মালামাল পরিবহন করেন। সড়কের বেহাল দশার কারণে পণ্যবাহী যানবাহন প্রায়ই উল্টে গিয়ে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
ফিংড়ী শেখপাড়া এলাকার বাসিন্দা ইউনুস আলী সরদার বলেন, “এই সড়কটি ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা। ১৫ বছর ধরে কোনো কাজ না হওয়ায় এখন হাঁটার উপায়ও নেই। সারা রাস্তায় ছোট-বড় গর্ত। প্রতিদিন এখানে দুর্ঘটনা ঘটছে, কিন্তু দেখার কেউ নেই।”
একই উদ্বেগের কথা জানান ফয়জুল্লাহপুর গ্রামের সাইফুল্লাহ সরদার। তিনি বলেন, “রাস্তা আর কালভার্ট এখন মরণফাঁদ হয়ে দাঁড়িয়েছে। আমরা অবিলম্বে এই দুর্ভোগ থেকে মুক্তি চাই।”
স্থানীয় সচেতন মহল ও ভুক্তভোগীরা সড়কটি দ্রুত সংস্কার এবং কালভার্টটি নতুন করে নির্মাণের জন্য নবনির্বাচিত সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।







