দেবহাটায় মাদক ও অনৈতিকতার বিরুদ্ধে ফুঁসে উঠেছে এলাকাবাসী
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার পারুলিয়া এলাকায় সন্ত্রাস, মাদক ব্যবসা, অনৈতিকতা, চুরি ও ছিনতাইয়ের প্রতিবাদে এবং অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (২২ মে) বিকেল পাঁচটায় পারুলিয়া বাজারসংলগ্ন এলাকায় সর্বস্তরের জনগণের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র এলাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকা- চালিয়ে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। বিশেষ করে মাদক ব্যবসা, চুরি-ছিনতাই ও অসামাজিক কার্যকলাপের (পতিতাবৃত্তি) কারণে স্থানীয় যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে।
মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে জানান, এলাকায় কথিত “খোদে গং” নামে পরিচিত একটি চক্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘিœত করার অভিযোগ রয়েছে। তাদের দৌরাত্ম্যের কারণে স্থানীয় বাসিন্দারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবিলম্বে এই চক্রের সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
মানববন্ধনে স্থানীয়রা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, অপরাধমূলক কর্মকা- বন্ধে প্রশাসন যদি দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করে, তবে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মহিউদ্দিন সিদ্দিকী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম সানা ও সাধারণ সম্পাদক হাসান শরাফি। এ ছাড়া বিএনপি নেতা সাফায়েত হোসেন বাচ্চু, জামায়াত নেতা আব্দুল হান্নান, চিকিৎসক ফজলুর রহমান, সোহরাব হোসেন ও আব্দুস সামাদ মোল্ল্যাসহ স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক ও সচেতন নাগরিকেরা মানববন্ধনে অংশ নেন।






