দেবহাটার কোড়া গ্রামে এক বাড়িতে চুরি
দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলার কোড়া গ্রামে আকবর আলীর বাড়িতে দু:সাহসিক চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোরের দল নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে পরিবারের সদস্যরা বাড়িতে না থাকাকালে চোরেরা বাড়ির দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে। পরে আলমারি ও অন্যান্য আসবাবপত্র তছনছ করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার এবং মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।
সোমবার বাড়িতে ফিরে দরজা খোলা এবং ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখে চুরির বিষয়টি জানতে পারেন। পরে স্থানীয় লোকজনকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে ভিড় জমে।
ভুক্তভোগী কোড়া গ্রামের নিয়ামুদ্দীনের ছেলে আকবর আলী জানান, চোরেরা তার পরিবারের সঞ্চিত নগদ ১৭ হাজার টাকা ও ৩ লাখ টাকার স্বর্ণালঙ্কার, পানি উঠানো মটর, ১৭ পিস বিদেশি শাড়িসহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে গেছে। এতে তার পরিবারের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে চোরদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানান। এ বিষয়ে স্থানীয়রা এলাকায় রাতের নিরাপত্তা জোরদার এবং পুলিশের নিয়মিত টহল বৃদ্ধির দাবি জানিয়েছেন। খবর লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।








