দেবহাটার চাঁদপুরে সরকারি জমিতে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ
নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের চাঁদপুরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সরকারি জমিতে আরসিসি ঢালাই দিয়ে পাকাঁ স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। উক্ত নির্মাণ কাজ শুরু করেছেন এলাকার প্রভাবশালী মৃত অজিয়ার সরদারের পুত্র ইয়াছিন সরদার।
সরেজমিনে এলাকাবাসীরা জানায়, সরকারি সম্পতিতে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে নির্মাণ কাজ চললেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সরকারি জমি দখলকারী প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না, এমনকি কেউ কথা বলতে গেলে তাকে পড়তে হয় হুমকির মুখে।
একটি সূত্রে জানা যায়, কয়েক দিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরের নির্দেশে কাজ বন্ধ করে দেওয়া হলেও প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে আবারও নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে প্রভাবশালী ইয়াছিন।
ভূমি অফিস সূত্র জানায়, চাঁদপুর ঐ জমি ১(খ) খতিয়ানের সম্পতি। এসব জমিতে পাকা স্থাপনা নির্মাণের কোনো অনুমতি নেই।
এদিকে বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বললে তিনি জানান, কয়েক দিন আগে ঐ কাজ বন্ধ করে দেওয়া হয়েছিলো কিন্তু আবার যদি চালু করে থাকে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।












