ধুলিহরের কোমরপুরে মাদক ও চুরির আতঙ্ক, জনতার হাতে যুবক আটক
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের কোমরপুর গ্রামে মাদক, চুরি ও অনলাইন জুয়ার অভিযোগে কয়েকজন যুবকের কর্মকা-ে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। গত কয়েক দিনে গ্রামের বিভিন্ন মৎস্যঘের ও বসতবাড়িতে চুরির ঘটনা ঘটেছে।
শনিবার হাজিখালী বিলে একটি মৎস্যঘেরে চুরির চেষ্টার অভিযোগে আজহারুল ইসলাম (২৪) নামে এক যুবককে আটক করেন স্থানীয়রা। তিনি গ্রামের শমসের আলী জমাদারের ছেলে। পরে ইউপি সদস্য আলমগীর হোসেন মন্টুসহ এলাকাবাসী তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশের হাতে তুলে দেন। স্থানীয়দের দাবি, আটকের সময় তার কাছে একটি দেশীয় ছুরি ছিল।
জিজ্ঞাসাবাদে একই গ্রামের আবুল হোসেনের ছেলে নাজমুল হোসেনের নাম উঠে আসে বলে স্থানীয়রা জানান। তার বিরুদ্ধে চুরি ও মাদকসংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তারা। তবে নাজমুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
ইউপি সদস্য আলমগীর হোসেন মন্টু জানান, এলাকায় নিয়মিত চুরির ঘটনা ঘটছে। হাজিখালী বিলে সিরাজুল ইসলাম খাঁ, মোস্তফা সরদার ও আব্দুর রশিদ খালিদের মৎস্যঘের থেকেও মাছ চুরির অভিযোগ রয়েছে। মাছ চুরির অভিযোগে আজহারুলকে গ্রামবাসী আটক করার পর পুলিশ তাকে নিয়ে যায়। অপরাধ প্রতিরোধে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করার আশ্বাস দেন তিনি।
কোমরপুর যুবসংঘের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম জানান, গ্রামের দুই-তিনজন যুবকের বিরুদ্ধে মাদক ও চুরিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের স্বাভাবিক জীবনে ফেরাতে কর্মসংস্থানের উদ্যোগ হিসেবে আজহারুলকে ৪০ হাজার টাকা দিয়ে একটি মোটরভ্যান কিনে দেওয়া হয়েছিল। তবে কয়েক দিন পর তিনি আবার অপরাধে জড়িয়ে পড়েন।
তিনি আরও জানান, বিভিন্ন বাড়ি থেকে হাঁড়ি-পাতিল, বৈদ্যুতিক মোটরসহ মালামাল চুরির অভিযোগ রয়েছে। সমস্যা সমাধান ও নিরাপত্তা নিশ্চিত করতে গণস্বাক্ষর সংগ্রহ করে জেলা পরিষদের সহায়তা চাওয়ার প্রস্তুতি চলছে। এলাকাবাসী কোমরপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো এবং যুবকদের টেকসই কর্মসংস্থানের দাবি জানিয়েছেন।








