কয়রায় সরকারি কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়
কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল বাকীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক। সভায় উপজেলার চলমান উন্নয়ন প্রকল্প, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সরকারি সেবার মান নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।
সভায় আরও বক্তব্য রাখেন খুলনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম, কয়রার সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস, কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা তীলক কুমার ঘোষ এবং কয়রা প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলমসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক কয়রা সদর ইউনিয়ন পরিষদ ও উপজেলা ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তিনি সেবাগ্রহীতাদের সঙ্গে কথা বলেন এবং দাপ্তরিক নথিপত্র পর্যালোচনা করেন।
পরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজ হুরে জান্নাত পানিতে ডুবে মারা যাওয়া দুই ব্যক্তির পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন। এছাড়া উপজেলার অনগ্রসর মুন্ডা ও মাহাতো সম্প্রদায়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রীর (ফুড প্যাক) প্যাকেট বিতরণ করেন তিনি।
অনুষ্ঠানে উপজেলা প্রকৌশলী, মৎস্য কর্মকর্তা, পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী এবং জনস্বাস্থ্য প্রকৌশলীসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।









