নিবিড় জলের স্বর
সৈয়দ হাসমত জালাল
জ্বলতে জ্বলতে গড়িয়ে যাচ্ছে পৃথিবী
এই আগুনের মধ্যে ভ্রমণ আমার, জয়-পরাজয়, পুনরুত্থান
চোখের ভেতরে আজও গহন সবুজ, চিরজীবী
জল দাও, দগ্ধ আকাশের নিচে এক বৃষ্টি-অভীপ্সু প্রাণ
ফুলের গন্ধ আসে, সে কি তোমার উদ্যান থেকে
এত যুদ্ধ চারপাশে, নিজের সঙ্গেও, ক্লান্ত লাগে, তবু হাতছানি
প্রেমের, প্রতীতির, যা সেই হৃদয়ের কথা লেখে
স্বদেশের ছবি আঁকে, বিদ্বেষহীন, বলে, জানি বন্ধু জানি
আমার অতীত জানে- পেছনের সুদীর্ঘ পথও,
ক্রমশ এগিয়েই যেতে হয়, মৃত্যু ও অলীক দিগন্ত অভিমুখে
নৈঃশব্দ্যের ভেতরে গান, পাতা ঝরে, তবু অনাহত
কুসুমের মাস আসে, রক্তাক্ত স্মৃতি জাগে অশোকে কিংশুকে
তেজস্ক্রিয় পৃথিবী গড়িয়ে যায়, আমার শরীরেও মরুঝড়
তবু বৃষ্টির ছবি আঁকি, প্রিয় বকুলের ঘ্রাণ, নিবিড় জলের স্বর









