শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

নীরব প্রত্যাহার

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৮:৩৩ অপরাহ্ণ
নীরব প্রত্যাহার

জহুরুল হক জুলু
আমি আর কোনো বিচার চাই না,
শব্দের ধারালো অস্ত্রও নয়
শুধু তোমার ভেতরের আয়নাটা
তোমার দিকেই ফিরিয়ে দিলাম।

যেখানে তুমি নিজেকেই দেখবে
অচেনা, অপরিচিত, অস্বস্তিকর
যেখানে চোখ রাখতে চাইলেও
চোখ নামিয়ে নিতে ইচ্ছে করবে।

আমি সরে গেছি নিঃশব্দে,
আমার উষ্ণতার শেষ চিহ্নটুকুও তুলে নিয়েছি,
এখন যে শীতলতা তোমাকে ঘিরে আছে
তার উৎস আমার নয়।

তোমারই বোনা ফাঁকা সময়গুলো
আজ দেয়াল হয়ে দাঁড়িয়েছে,
তোমারই অস্বীকার করা সত্যগুলো
নিঃশব্দে শ্বাস নেয় পাশে।

বিশ্বাস কখনো চিৎকার করে না,
সে শুধু অপেক্ষা করে—
সঠিক মুহূর্তে
অস্থিরতা হয়ে ফিরে আসে।

তুমি যত দূরে পালাতে চাও,
ততই কাছে আসে সেই অনুভূতি,
যেন ভেতরের কোনো অদৃশ্য দরজা
নিজে থেকেই খুলে যাচ্ছে।

যা একদিন ছিল কোমল,
আজ তা হয়ে উঠেছে প্রশ্ন
নীরব, তবু তীক্ষ্ণ,
অমোঘ, তবু অস্বীকার করা যায় না।

আমি তোমার জন্য কিছু রাখিনি,
কোনো দন্ড, কোনো শব্দ, কোনো ঘোষণা
কারণ মানুষের ভেতরের শূন্যতাই
সবচেয়ে দীর্ঘস্থায়ী প্রতিধ্বনি।

তুমি চলবে,
মানুষের ভিড়ে মিশে যাবে,
হাসবে, কথা বলবে,
সবকিছু স্বাভাবিক মনে হবে।

তবু গভীর কোথাও
একটা চাপা ভার জমে থাকবে—
যা সরাতে পারবে না,
যা বুঝিয়ে বলতেও পারবে না।

সেটাই তোমার সঙ্গী,
সেটাই তোমার ছায়া,
যেখানেই যাবে
নীরবে সাথে যাবে।

আমি শুধু সরে দাঁড়িয়েছি—
বাকি পথ তুমি নিজেই তৈরি করো।

Ads small one

পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিলো ইরান

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ
পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার লক্ষ্যে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে একটি নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার বরাতে এ খবর জানা গেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এক প্রতিবেদনে জানিয়েছে, ইসলামি প্রজাতন্ত্র ইরান বৃহস্পতিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে তাদের সর্বশেষ আলোচনার প্রস্তাবের খসড়াটি হস্তান্তর করেছে।

এর আগে, তেহরানের পক্ষ থেকে একটি অ-পারমাণবিক চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছিল, যা যুদ্ধ অবসানের পথ দেখাতে পারত। ওই প্রস্তাবে নিজেদের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরে করার কথা বলা হয়। তবে ট্রাম্প প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিলেন।

স্বার্থের বাইরে কেউ না

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ
স্বার্থের বাইরে কেউ না

জয়ন্ত কুমার চঞ্চল
দিন শেষে তিনিই সব
যাঁকে খুব একটা ডাকিনা,
যাদের ডাকি তারাতো সব
স্বার্থের বাইরে বোঝেনা।

মনের সাথে মিশখাইয়ে
আপন করা অমুক প্রিয়,
জোরছে টানে ভিতর ভিতর
সত্যিটাকেই বুঝে নিও।

খেলার সাথী শখের মানুষ
সবাইতো চায় আনন্দ,
ব্যাথা বোঝার হয়না কেউ
অপেক্ষার ঘাট গোয়ালন্দ।

হাসে সবাই সুখের দিনে
কাঁদতেই ভয় আসল,
স্ত্রী সন্তান বান্ধবেরা তো
দোষটা ধরেই সফল।

শ্রমিক বন্দনা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১ মে, ২০২৬, ৮:৪৫ অপরাহ্ণ
শ্রমিক বন্দনা

মো. জাহিদুর রহমান
যাঁর হাতে কোনো রাজদন্ড নেই,
নেই ক্ষমতার অহংকার।
যাঁর ঘামে ভিজেই দাঁড়িয়ে থাকে শহর,
গড়ে ওঠে সভ্যতা।
ভোরের আলো ফোটার আগেই যে বেরিয়ে পড়ে ঘর থেকে।
ধুলো, রোদ, বৃষ্টি আর ক্লান্তির ভেতর দিয়েই
যে প্রতিদিন লিখে যায় জীবনের কাব্য-
সে শ্রমিক।

শ্রমিকের ঘামে যে লবণ,
তাতে মিশে থাকে তাঁর নীরব কান্না,
তাঁর অপূর্ণ চাওয়া, অদেখা সংগ্রাম,
তবু সে থেমে থাকে না।
সে জানে, থেমে গেলে-
থেমে যাবে পৃথিবীর চাকা।
তাঁর চোখে থাকে স্বপ্ন—
খুব বড় নয়, খুব ছোটও নয়।
একমুঠো ভাত, সন্তানের মুখে হাসি,
আর একটু নিরাপদ আশ্রয়।

আজ শ্রমিক দিবসে কৃতজ্ঞতা জানাই
সেই হাতগুলোর প্রতি, যে হাত
নীরবে গড়ে তোলে আমাদের ভবিষ্যৎ।