পাইকগাছায় জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচার ও অধিকার সুরক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন সামনে রেখে রোববার (১৫ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম। এতে সহযোগিতা করে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্স।
বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড ও খালি কলস হাতে শত শত নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন। এ সময় তাঁরা বাংলাদেশসহ উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু ন্যায়বিচার ও অধিকার সুরক্ষায় সরকার এবং বিশ্বনেতাদের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি প্রভাষক লুৎফা ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন ও সাংবাদিক মো. আব্দুল আজিজের সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সানা, আবুল হাশেম, গাজী শহিদুল ইসলাম খোকন, আনোয়ার হোসেন, মুহাম্মদ শফিয়ার রহমান, আবু হুরায়রা বাদশা, এমএম আব্দুস সামাদ, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, পূর্ণ চন্দ্র মণ্ডল, খোরশেদ আলম, শরীফা উর্মী, আবু হানিফ মিলন, তাকিয়া জামান, খাদিজা খাতুন এবং লিডার্সের প্রজেক্ট অফিসার ইসমত আরা জবা, ফিল্ড ফ্যাসিলিটেটর আলমগীর হোসেন, নাসরিন আক্তার ও রাসেল হোসেন।









