পাইকগাছায় হলুদের আবাদ ভালো, বাড়ছে কৃষকদের আগ্রহ
প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা (খুলনা): খুলনার পাইকগাছা উপজেলায় চলতি মৌসুমে হলুদের আবাদ বেশ ভালো হয়েছে। মাঠজুড়ে সবুজ হলুদগাছে ভরে উঠেছে ক্ষেত। বাজারে চাহিদা ও লাভের সম্ভাবনা থাকায় দিন দিন মসলা জাতীয় এ ফসল চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।
হলুদ চাষে উৎপাদন খরচ তুলনামূলক কম এবং সারা বছরই বাজারে এর চাহিদা থাকে। উঁচু ও হালকা ছায়াযুক্ত জমিতে সহজেই হলুদ চাষ করা যায়। পাশাপাশি অন্যান্য ফসলের তুলনায় সার ও কীটনাশকের ব্যবহারও কম প্রয়োজন হয়। এসব কারণে কৃষকদের কাছে হলুদ চাষ জনপ্রিয় হয়ে উঠছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে পাইকগাছায় প্রায় ১৩০ হেক্টর জমিতে হলুদের আবাদ হচ্ছে। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে গদাইপুর, হরিঢালী, কপিলমুনি ও রাড়ুলী ইউনিয়নে হলুদ চাষের উপযোগী জমি বেশি। এসব এলাকার বিভিন্ন গ্রামে উঁচু ও হালকা ছায়াযুক্ত জমিতে হলুদ চাষ করা হয়েছে। সাধারণত বৈশাখ থেকে আষাঢ় মাস পর্যন্ত হলুদের বীজ রোপণ করা হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত বারি হলুদ-৩, বারি হলুদ-৪ ও বারি হলুদ-৫ জাতের হলুদ চাষ করে কৃষকরা আশানুরূপ ফলন পাচ্ছেন। প্রতি একরে ১০০ থেকে ১২০ মণ পর্যন্ত ফলন পাওয়া যায়।
উপজেলার হিতামপুর, মেলেকপুরাইকাটী, তোকিয়া, গোপালপুর, মঠবাটী, গদাইপুর, কপিলমুনি, সলুয়া, হরিঢালী ও রাড়ুলী গ্রামের বিভিন্ন এলাকায় হলুদের আবাদ হয়েছে। চাষিরা প্রথমে জমি ভালোভাবে চাষ করে মই দিয়ে সমান করেন। এরপর জমির দুই পাশে মাটি উঁচু করে বেড তৈরি করে সেখানে হলুদের বীজ রোপণ করেন। বেডের পাশে তৈরি করা নালা দিয়ে বৃষ্টির পানি বের হয়ে যায়। ফলে জমিতে পানি জমে হলুদের বীজ নষ্ট হওয়ার আশঙ্কা কম থাকে।
হিতামপুর গ্রামের হলুদচাষি সবুর হোসেন জানান, তিনি প্রতিবছর হলুদ চাষ করেন। চলতি মৌসুমেও প্রায় দুই বিঘা জমিতে হলুদের বীজ রোপণ করেছেন। এ বছর তাঁর জমিতে হলুদের আবাদ বেশ ভালো হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, কৃষকরা হলুদের পাশাপাশি একই জমিতে মরিচ, বেগুন, ওল ও মেটে আলুর মতো সাথী ফসল চাষ করছেন। এতে একই জমি থেকে একাধিক ফসল উৎপাদন করা সম্ভব হচ্ছে। পরিবারের চাহিদা মেটানোর পাশাপাশি অতিরিক্ত ফসল বাজারে বিক্রি করে বাড়তি আয় করছেন তাঁরা।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরামুল হোসেন বলেন, হলুদ একটি লাভজনক ফসল। হলুদের সঙ্গে সাথী ফসল হিসেবে ওলকচু ও আলু চাষ করে কৃষকরা লাভবান হচ্ছেন। হলুদ চাষে কৃষকদের কৃষি অফিস থেকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
কৃষকদের মতে, হলুদ চাষে তুলনামূলক কম খরচ ও পরিচর্যার প্রয়োজন হয়। সাধারণত মার্চ-এপ্রিল মাসে জমি প্রস্তুত করে হলুদ রোপণ করা হয় এবং ডিসেম্বর-জানুয়ারি মাসে তা সংগ্রহ করা হয়। ফসল তোলার পর সঠিকভাবে সেদ্ধ করে রোদে শুকালে হলুদের রং ও গুণগত মান ভালো থাকে। এতে বাজারে ভালো দাম পাওয়ার সম্ভাবনাও বাড়ে।









