সংস্কারের দুই সপ্তাহেই সড়ক ধস, সিমেন্টসহ ট্রাক মাছের ঘেরে
সচ্চিদানন্দ দে সদয়, আশাশুনি: আশাশুনি উপজেলায় সংস্কারকাজ শেষ হওয়ার মাত্র দুই সপ্তাহের মাথায় সড়কের একটি অংশ ধসে ১৫০ বস্তা সিমেন্টবোঝাই একটি ট্রাক পাশের মাছের ঘেরে উল্টে পড়েছে। দুর্ঘটনায় চালক ও সহকারী অক্ষত থাকলেও ট্রাকে থাকা সব সিমেন্ট পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। এই ঘটনার পর সড়কটির নির্মাণসামগ্রী ও কাজের মান নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার চিলাডাঙ্গা আরএইচডি সড়ক থেকে বাংদাহ জিসি সড়কের (পাইথালী বাজার হয়ে) চিলাডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত ট্রাকের চালক শওকত হোসেন জানান, মোংলা বন্দর থেকে ১৫০ বস্তা সিমেন্ট নিয়ে তিনি পাইথালী বাজারে যাচ্ছিলেন। পথে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে পাশ কাটানোর সময় ট্রাকের চাকা সড়কের শোল্ডারে (পাশের কাঁচা অংশ) ওঠে। কয়েক দিনের টানা বৃষ্টিতে নরম হয়ে থাকা শোল্ডারটি ধসে গেলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের মাছের ঘেরে উল্টে যায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাত্র দুই সপ্তাহ আগে সড়কটির সংস্কারকাজ শেষ হলেও শুরু থেকেই কাজের মান নিয়ে আপত্তি ছিল। রাস্তার দুই পাশের শোল্ডারে পর্যাপ্ত মাটি না দেওয়ায় সামান্য চাপেই তা ধসে পড়েছে।
আশাশুনি উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ সরকারের অর্থায়নে ২ হাজার ৪০ মিটার এই সড়কের রক্ষণাবেক্ষণ কাজ করা হয়। ৭২ লাখ ২১ হাজার ৯৩৮ টাকা চুক্তিমূল্যের কাজটি বাস্তবায়ন করে সাতক্ষীরার ‘এমএস রেডিয়েন্ট এন্টারপ্রাইজ’।
কাজের তদারকির দায়িত্বে থাকা উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী বাপ্পী দাশ বলেন, টানা বৃষ্টিতে রাস্তার পাশের মাটি নরম হয়ে গিয়েছিল। চালক ট্রাকের চাকা শোল্ডারের ওপর তোলায় এই দুর্ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত অংশটি ঠিকাদারি প্রতিষ্ঠান পুনরায় মেরামত করে দেবে। তবে শোল্ডারে পর্যাপ্ত মাটি দেওয়া হয়েছিল কি না, এমন প্রশ্নে তিনি বলেন, কমবেশি মাটি দেওয়া হয়েছিল।









