বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

বল্লীতে আটক শিক্ষক গৌরাঙ্গকে মামলা দিয়ে কারাগারে

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ১১:৪০ অপরাহ্ণ
বল্লীতে আটক শিক্ষক গৌরাঙ্গকে মামলা দিয়ে কারাগারে

পত্রদূত রিপোর্ট: ধর্মীয় অনুভূতি নিয়ে মন্তব্য করার অভিযোগে সাতক্ষীরার বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের গণিত শিক্ষক গৌরাঙ্গ সরকারকে (৪৬) মারধর করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

বুধবার ওই শিক্ষকের বিরুদ্ধে করা মামলায় তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া গৌরাঙ্গ সরকার সাতক্ষীরা সদর উপজেলার খেজুরডাঙি গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ মে নবম শ্রেণিতে ক্লাস নেওয়ার সময় শিক্ষক গৌরাঙ্গ সরকার ধর্মীয় বিষয়ে কিছু মন্তব্য করেন। ক্লাসের দুই-তিনজন শিক্ষার্থী বিষয়টি বাইরে গিয়ে স্থানীয় লোকজনকে জানালে ক্ষোভের সৃষ্টি হয়। এর জের ধরে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বহিরাগত কয়েকজন যুবক বিদ্যালয়ে ঢুকে শিক্ষক মিলনায়তনে গৌরাঙ্গ সরকারকে মারধর করেন। পরে দুপুরের দিকে বিদ্যালয়ে আরও লোক জড়ো হলে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষকেরা গৌরাঙ্গ সরকারকে বহিরাগতদের সামনে ক্ষমা চাওয়ার পরামর্শ দেন। শিক্ষক ক্ষমা চাওয়ার একপর্যায়ে আবারও উত্তেজিত জনতা তাঁকে মারধর শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় মঙ্গলবার রাতে সাতক্ষীরা সদর উপজেলার কাঁঠালতলা গ্রামের আব্দুর রউফ বাদী হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে একটি মামলা করেন।

তবে বিদ্যালয়ের শিক্ষার্থী, অন্য শিক্ষক ও অভিযুক্ত শিক্ষকের সঙ্গে কথা বলে ঘটনাটির ভিন্ন পিঠও জানা গেছে। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও অভিভাবক জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও অন্য এক শিক্ষকের নেতৃত্বকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের মধ্যে দুটি পক্ষ রয়েছে। তাঁদের অভ্যন্তরীণ বিরোধের জেরে এই ঘটনাকে বড় করা হয়ে থাকতে পারে।

নাম প্রকাশ না করার শর্তে নবম শ্রেণির ‘খ’ শাখার কয়েকজন শিক্ষার্থী জানায়, গত রোববার অংকের ক্লাস শেষে ভারতের পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি ও মুসলিমদের কোরবানি বন্ধের বিষয়ে কথা তুলেছিলেন গৌরাঙ্গ স্যার। একপর্যায়ে এক সহপাঠীর প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি নিজেকে জড়িয়ে ফেলেন। পরে দুই-তিনজন সহপাঠী বাইরে গিয়ে কথাটি বাড়িয়ে বলায় এই ভুল বোঝাবুঝি ও সোমবার থেকে বহিরাগতদের আনাগোনা শুরু হয়।

ক্রীড়া শিক্ষক আনোয়ার হোসেন জানান, গতকাল সকালে ১০-১২ জন বহিরাগত যুবক শিক্ষক মিলনায়তনে ঢুকে গৌরাঙ্গ সরকারকে চড়-থাপ্পড় মারেন। পরে পরিস্থিতি শান্ত করতে গৌরাঙ্গ সরকারকে কান ধরে ক্ষমা চাওয়ানো হয়। কিন্তু তিনি মাইকে প্রকৃত ঘটনা বলতে গেলে আবারও মারধর শুরু হয়। পরে স্থানীয় জামায়াত নেতা মিজানুর রহমান বিদ্যালয়ে আসেন এবং পরিস্থিতি বেগতিক দেখে পুলিশে খবর দেওয়া হয়।

আদালত চত্বরে অভিযুক্ত শিক্ষক গৌরাঙ্গ সরকার দাবি করেন, “আমি পশ্চিমবঙ্গে মুসলিমদের কোরবানি বন্ধের সিদ্ধান্তের সমালোচনা করে বলেছিলাম এতে দুই দেশের সম্পর্ক নষ্ট হচ্ছে। কিন্তু বিদ্যালয়েরই এক শিক্ষক কয়েকজন ছাত্রকে ব্যবহার করে আমার কথা ঘুরিয়ে বাইরে ছড়ান। গতকাল ভুল বোঝাবুঝি এড়াতে শিক্ষকদের কথায় আমি নিঃশর্ত ক্ষমাও চাই। কিন্তু এরপরও শুভ নামের এক যুবকের নেতৃত্বে আমাকে বেধড়ক মারধর করা হয়। বিদ্যালয়ের শিক্ষকদের দলাদলির বলির পাঁঠা বানানো হয়েছে আমাকে।”

বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিলুর রহমান বলেন, ধর্ম অবমাননাকর কথা বলায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মঙ্গলবার দুপুরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, ইচ্ছাকৃতভাবে ধর্ম ও ধর্মীয় জনগোষ্ঠীকে হেয় করার অভিযোগে আব্দুর রউফ নামের এক ব্যক্তি মামলাটি করেছেন। ওই মামলায় শিক্ষক গৌরাঙ্গ সরকারকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

 

 

 

 

 

 

 

Ads small one

ডুমুরিয়ায় জৈব বালাইনাশক ব্যবহারের ওপর কৃষক কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ২:১১ পূর্বাহ্ণ
ডুমুরিয়ায় জৈব বালাইনাশক ব্যবহারের ওপর কৃষক কর্মশালা

 

নিজস্ব প্রতিনিধি: পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় রাসায়নিক মুক্ত চাষাবাদের লক্ষ্যে খুলনার ডুমুরিয়ায় জৈব বালাইনাশক (বায়োপেস্টিসাইড) ব্যবহারের ওপর এক কৃষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার মালতিয়া ক্লাবে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় নিরাপদ খাদ্য উৎপাদন, সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) এবং পরিবেশবান্ধব আধুনিক কৃষি প্রযুক্তির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে স্থানীয় কৃষি উদ্যোক্তা, খুচরা বিক্রেতা ও এলাকার প্রায় ৫০ জন কৃষক অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ খুলনার আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাতক্ষীরার কারিগরি বিক্রয় কর্মকর্তা (টিএসও) রবিউল ইসলাম। কর্মশালা শেষে অংশগ্রহণকারী কৃষকদের আধুনিক পদ্ধতিতে চাষাবাদের পরামর্শ দেওয়ার পাশাপাশি তাঁদের মধ্যে বিনামূল্যে হাইব্রিড সবজি বীজ ও জৈব বালাইনাশক বিতরণ করা হয়।

 

ইউনিয়ন পর্যায়ে চার প্রতিযোগিতায় প্রথম পাতলা প্রাথমিকে পড়া বেদান্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ২:০৭ পূর্বাহ্ণ
ইউনিয়ন পর্যায়ে চার প্রতিযোগিতায় প্রথম পাতলা প্রাথমিকে পড়া বেদান্ত

 

নিজস্ব প্রতিনিধি: জাতীয় প্রাথমিক শিক্ষা পদকÑ২০২৬ প্রতিযোগিতায় ইউনিয়ন পর্যায়ে দারুণ সাফল্য পেয়েছে পাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী বেদান্ত বাবু। সে চিত্রাংকন প্রতিযোগিতার পাশাপাশি বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান কুইজÑসব কটিতেই প্রথম স্থান অর্জন করেছে।
বুধবার ইন্দুহাঁটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন পর্যায়ের এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় চারটি বিষয়ে প্রথম হয়ে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রাখে বেদান্ত।
বেদান্ত বাবুর এই অসাধারণ সাফল্যে পাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়জুড়ে এখন আনন্দের পরিবেশ বিরাজ করছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোনালী বসুসহ সহকারী শিক্ষক সরস্বতী বিশ্বাস, শাহানাজ পারভীন, মিনা বালা, অনিমা গাইন ও অনুপ বালা তার এই অর্জনে গভীর সন্তোষ প্রকাশ করেছেন।
অনুষ্ঠান শেষে বিজয়ী বেদান্ত বাবুর হাতে পুরস্কার তুলে দেন ইন্দুহাঁটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল কুমার রায়। এ সময় সহকারী শিক্ষক মিহির পাটারী, রাজীব সিকদার, আরতী বিশ্বাস ও জীবনানন্দ বিশ্বাস উপস্থিত থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানান।
বেদান্ত বাবুর বাবা-মা ও শিক্ষকেরা জানিয়েছেন, ইউনিয়ন পর্যায়ের এই সাফল্য পেরিয়ে সে যেন সামনের উপজেলা ও জেলা পর্যায়ের প্রতিযোগিতাগুলোতেও এই ধারা বজায় রাখতে পারে, সে জন্য তারা সবার আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেছেন।

দেবহাটায় তুচ্ছ ঘটনায় গৃহবধূকে মারধর

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ২:০৬ পূর্বাহ্ণ
দেবহাটায় তুচ্ছ ঘটনায় গৃহবধূকে মারধর

নিজস্ব প্রতিনিধি: দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের টিকেট শেখপাড়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক গৃহবধূকে বেধড়ক মারধর ও কানের দুল ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় গুরুতর আহত ওই গৃহবধূর নাম শামীমা আক্তার। তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও আহতের পরিবার সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে বুধবার সকাল ১১টার দিকে কুলিয়া ইউনিয়ন পরিষদে টিকেট গ্রামের মফিজুল ইসলামের স্ত্রী আশুরা খাতুনের সঙ্গে শামীমা আক্তারের কথা-কাটাকাটি হয়। সে সময় উপস্থিত লোকজনের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হলে উভয় পক্ষ বাড়ি ফিরে যায়।
আহত শামীমার স্বামী ও মাদ্রাসা শিক্ষক ফরহাদ গাইন অভিযোগ করে বলেন, “বিকেল পাঁচটার দিকে আমার স্ত্রী বাড়ি থেকে বের হয়ে সামনের রাস্তায় এলে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা তার ওপর অতর্কিত হামলা চালায়। রহমত শেখের ছেলে সালামত হোসেন (বাবু), তার স্ত্রী খুকুমণি এবং মফিজুলের স্ত্রী আশুরা খাতুনসহ কয়েকজন মিলে শামীমাকে এলোপাতাড়ি মারধর শুরু করে।”
ফরহাদ গাইন আরও অভিযোগ করেন, “মারধরের একপর্যায়ে হামলাকারীরা শামীমার দুই কান টেনে ছিঁড়ে স্বর্ণের দুল এবং গলার চেইন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।”
এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, “ঘটনাটি শুনেছি। তবে এ সংক্রান্ত কোনো লিখিত অভিযোগ এখনো থানায় জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”