ব্রহ্মরাজপুর সাহাপাড়ায় অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী
নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর সাহাপাড়ায় একটি বাড়িতে দীর্ঘদিন ধরে চলা অসামাজিক কার্যকলাপে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর অভিযোগ, গ্রামের নিরিবিলি পরিবেশের সুযোগ নিয়ে একটি চক্র নিয়মিতভাবে দেহব্যবসা চালিয়ে আসছে, যার ফলে স্থানীয় সামাজিক পরিবেশ ও যুবসমাজ হুমকির মুখে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাহাপাড়ার বাসিন্দা শহিদুল ইসলাম ও তাঁর স্ত্রী নিজেদের বাড়িতেই এই কারবার পরিচালনা করেন। শহরের বিভিন্ন স্থান থেকে ভাসমান যৌনকর্মীদের এনে প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত সেখানে অসামাজিক কার্যকলাপ চলে। এলাকাটি জনবসতিপূর্ণ হলেও একশ্রেণির প্রভাবশালীর ছত্রচ্ছায়ায় এই ব্যবসা এখন ‘ওপেন সিক্রেট’ হয়ে দাঁড়িয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে একজন যৌনকর্মী বলেন, “মাঝে মাঝে পারুল ভাবীর ফোন পেয়ে আমি এখানে আসি। অভাবের তাড়নায় এই কাজ করি। খদ্দেরদের কাছ থেকে ৫০০ টাকা নেওয়া হলেও আমাদের দেওয়া হয় ২০০ টাকা। এখানে প্রতিদিন অনেক মানুষ আসে।”
এলাকাবাসী উদ্বেগ প্রকাশ করে বলেনÑ গ্রামের মধ্যে প্রকাশ্য এমন অনৈতিক কাজে সামাজিক ও পারিবারিক পরিবেশ নষ্ট হচ্ছে। তরুণ প্রজন্ম এই পথে পা বাড়ানোর আশঙ্কায় অভিভাবকরা চরম উদ্বিগ্ন। স্থানীয়দের অভিযোগ, এলাকার কিছু অসাধু ব্যক্তি ও নামধারী নেতা এই চক্রকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ায় তারা বেপরোয়া হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দা গোপালসহ একাধিক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা বারবার বাধা দিয়েও এই কাজ বন্ধ করতে পারছি না। ঝুপড়ি ঘরের মতো তৈরি করে সেখানে এই ব্যবসা চালানো হচ্ছে। প্রতিবাদ করলে উল্টো হুমকির মুখে পড়তে হয়।”
এলাকাবাসীর দাবি, অবিলম্বে পুলিশি অভিযান চালিয়ে এই অসামাজিক কর্মকা- বন্ধ করা হোক। গ্রামের সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে তারা প্রশাসনের জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন।









