মহিলা পরিষদের আয়োজনে কর্মী সমাবেশ
নিজস্ব প্রতিনিধি: ‘বাংলাদেশ মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি’ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাংগঠনিক মাস উদযাপন উপলক্ষে গত বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা চারটায় বাংলাদেশ মহিলা পরিষদ সাতক্ষীরা জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। ১ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এ সাংগঠনিক মাস পালিত হচ্ছে।
মহিলা পরিষদের জেলা শাখা কার্যালয়ে আয়োজিত এ কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত। সমাবেশে সংগঠনটির জেলা সাংগঠনিক সম্পাদক রূপা মিত্র, পরিবেশ সম্পাদক ফরিদা খাতুন, প্রোগ্রাম এক্সিকিউটিভ মো. মফিজুল ইসলামসহ জেলা ও পাড়া কমিটির নেত্রীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘদিন ধরে নারীর অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে। মানবাাধিকার তথা নারীমুক্তির এই নিরবচ্ছিন্ন আন্দোলনের ঐতিহ্য সংগঠনটি বহনে অঙ্গীকারবদ্ধ। আবহমান বাংলার অসাম্প্রদায়িক সংস্কৃতি ও গণসংগ্রামের ধারাবাহিকতায় এর জন্ম।
বক্তারা আরও বলেন, নারী জাগরণের অগ্রদূত রোকেয়া সাখাওয়াত হোসেন, বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে শুরু করে নারী আন্দোলনের পথিকৃৎ কবি সুফিয়া কামালসহ সংগ্রামী নারীদের অবদান সংগঠনের মূল প্রেরণা। তাঁদের দেখানো পথেই নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নেওয়া হচ্ছে।






