মাধবকাটিতে দারুল ইছলাহ মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ
সংবাদদাতা: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটিতে দারুল ইছলাহ মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন কেঁড়াগাছী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার আবদুল হান্নান। মাদ্রাসার প্রধান শিক্ষক ইকবাল হুসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আবদুল বারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গ্লোবাল ট্যালেন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. সাইফুল আলম, তুজলপুর গোবিন্দ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এম এ কাশেম, একই বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আমিরুল ইসলাম এবং ঝাউডাঙ্গা ফাজিল মাদ্রাসার প্রভাষক ইকবাল হোসেন।
বক্তারা শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান।
সমাবেশে শিক্ষার্থীদের মাসিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল ঘোষণা ও কৃতী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়া ২০২৭ শিক্ষাবর্ষের নতুন ভর্তি কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে মাদ্রাসার পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. সাইফুল্লাহ, সদস্য মাওলানা মশিউর রহমান, আবদুস সালাম, আসলাম হোসেন, আল মামুন, আবদুল আজিজ, আকবর হোসেন ও আবদুর রাজ্জাকসহ শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার অভিভাবকেরা উপস্থিত ছিলেন।



